মুঃ শফিকুল ইসলাম
দক্ষিণ ভারতের রাজ্য কেরালা বরাবরই শিক্ষা, সামাজিক সচেতনতা ও রাজনৈতিক সক্রিয়তার এক অনন্য উদাহরণ। সাম্প্রতিক সময়ে একজন মুসলিম তরুণীর নির্বাচনী বিজয় নতুন এক বাস্তবতার জন্ম দিয়েছে, যা কেবল রাজনৈতিক পরিবর্তন নয়- বরং মুসলিম সমাজে নেতৃত্বের বিকাশ ও আত্মপ্রতিষ্ঠার এক তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত।
ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর প্রার্থী হিসেবে তার এ বিজয় মুসলিম রাজনীতিতে নারীর অংশগ্রহণের নতুন দিগন্ত উন্মোচন করেছে। দীর্ঘদিন ধরে পুরুষ-নির্ভর নেতৃত্বের ধারার মধ্যে এই উত্থান একটি ইতিবাচক বার্তা বহন করে- যেখানে যোগ্যতা ও আদর্শের ভিত্তিতে নারীরাও নেতৃত্বে আসতে পারে।
কেরালার মুসলিম সমাজ ঐতিহ্যগতভাবে শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রসর হলেও রাজনৈতিক নেতৃত্বে নারীর উপস্থিতি ছিল সীমিত। এ প্রেক্ষাপটে নতুন প্রজন্মের শিক্ষিত মুসলিম নারীরা যে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে আসছেন, তা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। তবে এ পরিবর্তনকে ইসলামী মূল্যবোধ ও সামাজিক ভারসাম্যের সঙ্গে সমন্বয় করাই হবে মূল চ্যালেঞ্জ।
রাজনীতির ময়দানে নারীর অংশগ্রহণ কেবল প্রতিনিধিত্বের প্রশ্ন নয়; এটি ন্যায়বিচার, সামাজিক ভারসাম্য এবং নৈতিক নেতৃত্বের প্রশ্নও বটে। একজন মুসলিম নারী নেত্রীর জন্য দ্বৈত দায়িত্ব কাজ করে- একদিকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, অন্যদিকে নিজের আদর্শিক অবস্থান অক্ষুণ্ন রাখা। তবে এখানে সতর্কতার জায়গাও রয়েছে। পশ্চিমা ধাঁচের অন্ধ অনুকরণ বা মূল্যবোধের বিচ্যুতি নয়, বরং নিজস্ব ধর্মীয় ও সাংস্কৃতিক ভিত্তিকে অক্ষুণ্ন রেখে নেতৃত্ব গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য। কারণ, প্রকৃত উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা নিজের স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যায়।
সবশেষে বলা যায়, কেরালায় মুসলিম নারী নেতৃত্বের এ উত্থান সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে। এটি মুসলিম সমাজে শিক্ষা, সচেতনতা ও নেতৃত্ব বিকাশের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তবে এই অগ্রযাত্রাকে সঠিক পথে পরিচালিত করতে হলে প্রয়োজন আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা এবং সময়োপযোগী নেতৃত্ব।
লেখক: প্রাবন্ধিক, সাংবাদিক