এককভাবে শীর্ষে থেকেই এগিয়ে চলেছে বসুন্ধরা কিংসই। পেশাদার ফুটবল লিগে আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে শীর্ষস্থান ভাগাভাগি করেছিল ঢাকা আবাহনী। গতকাল ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে কিংসই থাকল শীর্ষে। ১৪ ম্যাচে তাদের সংগ্রহ ৩১। অন্যদিকে সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা আবাহনী। ২৫ পয়েন্টে ফর্টিসের অবস্থান তিনে। সম্ভবত শিরোপা লড়াই এখন কিংস ও আবাহনীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ল। এদিকে শিরোপা লড়াই থেকে বিছিন্ন হলেও রেলিগেশন জোন থেকে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান অনেকটা বের হয়ে এসেছে। গতকাল তারা পিডব্লিউডির বিপক্ষে জয়ী হয়ে মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহ করেছে।
আগের ম্যাচে পিডব্লিউডির কাছে হারলেও ব্রাদার্স ইউনিয়নকে গুরুত্ব দিয়ে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কেননা দল হিসেবে কোনোভাবেই গোপীবাগের দলটিকে দুর্বল বলা যাবে না। পয়েন্ট হারালেই ঝুঁকির মধ্যে পড়ে যেত পেশাদার লিগে অভিষেক আসর থেকে টানা পাঁচবারের চ্যাম্পিয়নরা। স্বস্তির জয়ে এককভাবে শীর্ষে থাকল কিংসই। লিগের আগের ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ড্র করে মূল্যবান দুই পয়েন্ট নষ্ট করে তারা। সেই ম্যাচে কিংসের কোনো বিদেশি খেলেননি। বিশেষ কওে মাঠে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের অনুপস্থিতিটা টের পাওয়া গিয়েছিল। ফেডারেশন কাপে কিংসে ফিরে ডরিয়েলটন প্রমাণ দেন দলে তিনি কতটা অপরিহার্য। পুলিশের বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করে দলকে তিনি নিয়ে যান কোয়ালিফায়ারে।
লিগে এবার শুরু থেকে দুর্দান্ত খেলছেন ডরিয়েলটন। বলা যায় শীর্ষে থাকার পেছনে তিনিই বড় ভূমিকা রাখছেন। গতকাল বসুন্ধরা কিংস অ্যারিনায় অনুষ্ঠিত ম্যাচে তাঁর গোলে জয়ী হয়ে শিরোপার পথে আরেকটি বাধা অতিক্রম করল ঘরোয়া ফুটবলে কিং বসুন্ধরা কিংস। তবে সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে পারলে ব্যবধানটা আরও বড় হতে পারত। তবে ব্রাদার্সের গোলকিপার ইসহাক আকন্দের দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো। অন্তত চারটি নিশ্চিত গোল রক্ষা করেছেন তিনি। যাক ব্যবধান যাই হোক লিগের শেষ দিকে এখন জয়টাই গুরুত্বপূর্ণ। সেটাই পেরেছে কিংস। যদি পয়েন্ট হারাত তাহলে পরের ম্যাচ জিতলেই আবাহনী এককভাবে শীর্ষে উঠে আসত। স্বস্তি এটাই ডরিয়েলটন তা হতে দেননি।
ডরিয়েলটন গোল করলেও কিংসের অন্যরাও ছিলেন নির্ভার। হেড কোচ ম্যারিও গোমেজ ম্যাচে না থাকলেও শিষ্যরা তাদের স্বাভাবিক খেলাটাই খেলেছেন। ফাহিম, রাকিব, সাদউদ্দিন, সিনিয়র সোহেল রানা, শাহরিয়ার ইমন, তপু বর্মণরা নির্ভুল খেলাটা খেলেছেন। যে কারণে সমর্থকরা টেনশনমুক্ত ম্যাচ উপভোগ করেছেন। ২২ মিনিটে যে গোলে কিংসকে লিগ এনে দেন ডরিয়েলটন তা ছিল সাদউদ্দিনের সহায়তায়। গোল কিপারকে একা পেয়ে ঠান্ডা মাথায় জালে বল পাঠান ডরিয়েলটন। ১৪ গোল করে এবারের লিগে গোলদাতার তালিকায় তিনিই শীর্ষে রয়েছেন।
দ্বিতীয় লেগে চার পাকিস্তানিকে স্থানীয় কোটায় খেলিয়ে ব্রাদার্স লাভবান হচ্ছে না। টানা দুই হারে তারা রেলিগেশন জোনে এখনো বন্দি। গতকাল দলের চোখে পড়ার মতো খেলাটা খেলেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। মাঠজুড়ে পরিশ্রম করলেও দলের হার এড়াতে পারেননি। এ জয়ের পরও কিংসের পথটা যে সহজ তাও বলা যাবে না। ১ মে কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। ৮ মে পুলিশ, ১৫ মে আবাহনী ও ২০ মে ইয়ংমেন্স ফকিরেরপুলের বিপক্ষে তাদের শেষ ম্যাচ। সে ক্ষেত্রে নিশ্চিত করে কিছুই বলা যায় না।
এদিকে সেন্টু কোচের দায়িত্বে আসার পর মোহামেডান ভালোই খেলছে। লিগে আগের ম্যাচে ইয়ংমেন্স ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়েছিল। গতকাল তারা গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডিকে ৩-১ গোলে হারায়। বিজয়ী দলের জুয়েল মিয়া, মোজাফরভ ও রাফায়েল টুডু একটি করে গোল করেন। পিডব্লিউডির পক্ষে ব্যবধান কমান আবদুল্লাহ। এ জয়ে ১৪ ম্যাচে সাদা-কালোদের পয়েন্ট ১৭, পিডব্লিউডির ১৩। আরেক ম্যাচে পুলিশ ৩-১ গোলে ইয়ংমেন্স ফকিরেরপুলকে হারায়। বিজয়ী দলের পাওলো ২, কাজিমু একটি গোল করেন। ইয়ংমেন্সের ব্যবধান কমান স্বাধীন। ১৪ ম্যাচে পুলিশের ১৯ ও ইয়ংমেন্সের অ্যাকাউন্টে ১০ পয়েন্ট।