ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল গ্রুপের রক্ত দেয়ার অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত সুয়োমোটো (নিজের ইচ্ছায়) মামলা রুজু করেছে।

বুধবার (১৪ জানুয়ারি) ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান স্বপ্রণোদিত হয়ে মামলা রুজু করেন।

আদালত সূত্রে জানা গেছে, ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২) সিজারিয়ান অপারেশনের জন্য পৌর এলাকার মোল্লাপট্টি বন্ধন ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসাকালে তার অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া আক্তারের মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, তাকে ভুল গ্রুপের রক্ত সরবরাহ করা হয়েছিল। ঘটনাটি পরদিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে।

আদেশে উল্লেখ করা হয়, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে চিকিৎসাসেবায় গুরুতর অবহেলার ইঙ্গিত দেয়। বিষয়টি জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তা গুরুত্বসহকারে বিবেচনার প্রয়োজন রয়েছে। আদালতের আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, ১৯৮২-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের শর্ত যথাযথভাবে প্রতিপালন করা বাধ্যতামূলক। এসব শর্তের মধ্যে রয়েছে পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় যন্ত্রপাতি, জীবনরক্ষাকারী ওষুধের মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি।

এছাড়া একই আইনের ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়মিত পরিদর্শন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদেশে উল্লেখ করা হয়। পরিদর্শনে কোনো অনিয়ম বা বিধি লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের মতে, বেসরকারি চিকিৎসাসেবায় তদারকি ও জবাবদিহি আরো জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews