ভূরাজনৈতিক অস্থিরতায় ডলারের মান শক্তিশালী হয়েছে, একইসঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের উচ্চ সুদের চাপ বেড়েছে। ঠিক এই কারণে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। তবে আজ দাম বাড়ে বা কমেনি।

রয়টার্স জানিয়েছে, বুধবার (২০ মে) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ছিল ৪,৪৮০.২৯ ডলার। দিনের শুরুতে এটি ৩০ মার্চের পর সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। একই সময়ে জুন ডেলিভারির মার্কিন গোল্ড ফিউচারস ০.৬ শতাংশ কমে দাঁড়ায় ৪,৪৮২.৮০ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতি হলে এবং হরমুজ প্রণালি স্বাভাবিকভাবে খুলে গেলে জ্বালানি বাজারে চাপ কমতে পারে। এতে মূল্যস্ফীতির ভয়ও হ্রাস পাবে, যা স্বর্ণবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে আলোচনা ব্যর্থ হলে বা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে পরিস্থিতি উল্টো হতে পারে। সে ক্ষেত্রে মূল্যস্ফীতি ও সুদহার বৃদ্ধির আশঙ্কা বাড়বে, যা স্বর্ণের দামে নতুন চাপ তৈরি করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। তবে অপরিশোধিত তেলের দাম এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

বিশ্লেষকদের মতে, ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড (বন্ডের মুনাফা) বর্তমানে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। যেহেতু স্বর্ণে বিনিয়োগ করলে সরাসরি কোনো সুদ বা লভ্যাংশ পাওয়া যায় না, তাই বাজারে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণের চেয়ে বন্ডে বিনিয়োগ করাকে বেশি লাভজনক মনে করেন। এর ফলে স্বর্ণের চাহিদা কমে যায়। তা ছাড়া ডলারের দাম বাড়ার কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। 

স্বর্ণের বাজারে মন্দাভাব থাকলেও আজ বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দাম কিছুটা বেড়েছে। স্পট সিলভার বা রুপার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক ঋণ সংকট এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ মজুদ বাড়ানোর প্রবণতা দীর্ঘমেয়াদে স্বর্ণের বাজারকে সমর্থন জোগাবে। তবে মোটাদাগে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের ফয়সালার দিকে তাকিয়ে আছে বিনিযোগকারীরা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews