বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিজ্ঞানচর্চায় তরুণ বিজ্ঞানীদের গবেষণায় সহায়তার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ-বছরে ২৪ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশে বিজ্ঞানচর্চা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নতুন নতুন গবেষণা, উদ্ভাবন ও উন্নয়ন কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক, গবেষক, তরুণ বিজ্ঞানীদের এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার গবেষক তরুণ বিজ্ঞানীদের বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে।

আজ মঙ্গলবার সংসদে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সরকারি দলের সদস্য এম এ হান্নানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, দেশের তরুণ বিজ্ঞানীদের নতুন নতুন গবেষণায় উৎসাহ প্রদানের লক্ষ্যে তাহাদের উদ্ভাবিত প্রকল্পের উন্নয়নকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করে থাকে।

তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্টডক্টোরাল পর্যায়ের ছাত্র-ছাত্রী বা গবেষককে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে। ২০২৫-২৬ অর্থ-বছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ কর্মসূচি খাত থেকে ৪,২৮২ জন গবেষককে ২৫ কোটি ৪৫ লাখ ২৭ হাজার ২০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞানভিত্তিক উচ্চ শিক্ষা ও গবেষণাকে অব্যাহতভাবে উৎসাহ প্রদানের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞান সংক্রান্ত গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞানী ও গবেষকদের গবেষণা ও উন্নয়ন প্রকল্পে চলতি ২০২৫-২৬ অর্থ-বছরে গবেষণা ও উন্নয়ন প্রকল্প খাতে ৩৫৮ জন বিজ্ঞানী বা গবেষককে তিন কোটি ৯৭ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews