ঈর্ষার উপস্থিতি
পাল্টা যুক্তিতে ওপেনএআই বলছে, ইলন মাস্ক মূলত ঈর্ষা এবং কোম্পানি ছেড়ে দেওয়ার অনুশোচনা থেকে এই মামলা করেছেন। যখন আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরির দৌড় তুঙ্গে, তখন ইলন মাস্ক তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীকে লাইনচ্যুত করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি।
বিরোধের সূত্রপাত
২০১৫ সালে ইলন মাস্ক, স্যাম অল্টম্যান ও অন্যরা ওপেনএআই প্রতিষ্ঠা করেছিলেন একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে। তাদের লক্ষ্য ছিল এআই যাতে সমগ্র মানবতার উপকারে আসে, তা নিশ্চিত করা। তখন ইলন মাস্কের তারকাখ্যাতি ছিল তুঙ্গে। টেসলা আর স্পেসএক্সের মাধ্যমে তিনি প্রযুক্তিবিশ্বে বৈপ্লবিক পরিবর্তন আনছিলেন। অন্যদিকে স্যাম অল্টম্যান সিলিকন ভ্যালিতে পরিচিত থাকলেও সাধারণ মানুষের কাছে ততটা পরিচিত ছিলেন না। ২০১২ সালে একজন বিনিয়োগকারীর মাধ্যমে তাঁদের পরিচয় হয়। অল্টম্যান তখন মাস্কের কাছে ওপেনএআইয়ের ধারণাটি তুলে ধরেন। শুরুতে তাঁরা দুজনেই এআইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী ছিলেন। ২০১৫ সালের একটি যৌথ সম্মেলনে মাস্ক বলেছিলেন, এআই এমন একটি প্রযুক্তি, যা মানবতাকে সবচেয়ে বেশি পরিবর্তন করতে পারে, তবে তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।