রেফারির বাঁশি বাজার পরপরই প্রতিপক্ষের জালে বল। ঘড়ির কাঁটায় তখন মাত্র ১১ সেকেন্ড। সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে এমন দুর্দান্ত সূচনা এনে দেন বাংলাদেশ নারী ফুটবল দলের সুইডেনপ্রবাসী ফরোয়ার্ড আনিকা রানিয়া সিদ্দিকী।

লাল-সবুজ জার্সিতে এটিই আনিকার প্রথম আন্তর্জাতিক গোল। ম্যাচ শেষে তিনি জানান, বিশেষ এই গোলটি দেশের মানুষের প্রতি উৎসর্গ করেছেন।

ম্যাচে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তবে শুরুতে দাপট দেখালেও পুরো ম্যাচে নিজেদের আধিপত্য ধরে রাখতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে দলকে।

কাঙ্ক্ষিত তিন পয়েন্ট পাওয়ার স্বস্তি থাকলেও ম্যাচ শেষে খেলোয়াড়দের কণ্ঠে ছিল আত্মসমালোচনার সুর।

আনিকা বলেন, জাতীয় দলের হয়ে প্রথম গোল করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। তিনি বলেন, ‘গোলটি দেশবাসীকে উৎসর্গ করছি। অবশ্যই খুব খুশি। জাতীয় দলে এটি আমার প্রথম গোল।’

দ্রুত লিড নেওয়ার পরও একপর্যায়ে মালদ্বীপ প্রবল প্রতিরোধ গড়ে তোলে। এতে ম্যাচের গতি কিছুটা বদলে যায়। নিজেদের ভুলের কথাও স্বীকার করেছেন আনিকা।

তিনি আরও বলেন, ‘ম্যাচটা শুরুতে ভিন্ন রকমের ছিল। তবে একপর্যায়ে আমাদের জন্য কঠিন হয়ে ওঠে। আমাদের আরও ভালো করা উচিত ছিল। তবে স্বস্তির বিষয়, আমরা তিনটি পয়েন্ট পেয়েছি।’

মালদ্বীপকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখেছিল বাংলাদেশ দল। ভারতের বিপক্ষে তাদের আগের ম্যাচ বিশ্লেষণ করেই মাঠে নেমেছিলেন ফুটবলাররা।

আনিকা জানান, তারা আগে থেকেই জানতেন মালদ্বীপ নিজেদের সর্বোচ্চ দিয়ে লড়াই করবে এবং মাঠেও সেটিই দেখা গেছে। তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় স্বস্তি প্রকাশ করেন এই ফরোয়ার্ড।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews