নতুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা : কাঠামোগত সংস্কারের ১৩ দফা রূপরেখা

নতুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রত্যাশা : কাঠামোগত সংস্কারের ১৩ দফা রূপরেখা

ডা. মোহাম্মদ মহিউদ্দিন

১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৩২ অপরাহ্ণ

দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে কেন্দ্রীভূত প্রশাসন, মান নিয়ন্ত্রণের ঘাটতি, পেশাগত অসামঞ্জস্য এবং অব্যবস্থাপনার সমস্যায় জর্জরিত। ১৭০-১৮০ মিলিয়ন মানুষের কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আংশিক পরিবর্তন নয়, প্রয়োজন কাঠামোগত ও নীতিগত সংস্কার। নতুন স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিকিৎসক সমাজ ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে নিম্নোক্ত ১৩ দফা প্রত্যাশা উপস্থাপন করা হলো।

১) ৮টি বিভাগীয় ক্যানসার হাসপাতালকে বিশ্বমানের সেন্টারে উন্নীতকরণ (টাইমলাইন: মার্চ ২০২৭) : দেশের আটটি বিভাগীয় ক্যানসার হাসপাতালকে ‘সত্যিকার অর্থে’ পূর্ণাঙ্গ ক্যানসার সেন্টার হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক রেডিওথেরাপি, মলিকুলার ডায়াগনস্টিকস, মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড, কেমো-ডে কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার এবং গবেষণা ইউনিট নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক ক্লিনিক্যাল প্রটোকল ও ডিজিটাল ডেটা মনিটরিং চালু করতে হবে।

২) ডাক্তারদের একমাত্র বার্গেইনিং এজেন্ট হিসেবে BMA শক্তিশালীকরণ : চিকিৎসকদের অধিকার আদায় ও নীতিনির্ধারণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে Bangladesh Medical Association (BMA)-এর নিয়মিত ও স্বচ্ছ নির্বাচন জরুরি। সকল এমবিবিএস ডাক্তারের সদস্যপদ বাধ্যতামূলক করা হলে পেশাগত ঐক্য ও নীতিগত শক্তি বৃদ্ধি পাবে।

৩) BMDC-র পেশাগত পুনর্গঠন : Bangladesh Medical  and Dental Council (BMDC) কে শুধুমাত্র এমবিবিএস চিকিৎসকদের রেজিস্ট্রেশন, লাইসেন্স নবায়ন, সিএমই তদারকি এবং চিকিৎসা কার্যপরিধি নির্ধারণে সীমাবদ্ধ রাখা উচিত। বর্তমানে এর সেবার মান প্রশ্নবিদ্ধ। একটি নতুন, পেশাদার প্রশাসনিক টিম নিয়োগ এবং সম্পূর্ণ ডিজিটাল লাইসেন্সিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।

৪)Allied Health Professional Board গঠন : ডাক্তার ব্যতীত অন্যান্য স্বাস্থ্যসেবা সহযোগীদের জন্য পৃথক বোর্ড গঠন করে রেজিস্ট্রেশন, লাইসেন্সিং ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। এতে স্কোপ অব প্র্যাকটিস স্পষ্ট হবে এবং পেশাগত বিভ্রান্তি দূর হবে।

৫)SACMO, DMF প্রভৃতি পদবি ‘Paramedic’ কাঠামোয় একীভূতকরণ : বর্তমান স্যুডো ডেজিগনেশনসমূহ বাতিল করে একক ‘প্যারামেডিক’ শ্রেণিতে অন্তর্ভুক্ত করতে হবে। এতে প্রশিক্ষণ ও দায়িত্বের কাঠামো সুসংহত হবে।

৬) ৪টি রিজিওনাল এম্বুলেন্স সার্ভিস চালু : ৩-৬ মাসের প্রশিক্ষণ (ড্রাইভিংসহ) সম্পন্ন প্যারামেডিকদের মাধ্যমে চারটি আঞ্চলিক এম্বুলেন্স সার্ভিস চালু করা জরুরি। আধুনিক লাইফ সাপোর্ট, এচঝ-ভিত্তিক ডিসপ্যাচ ও সমন্বিত কন্ট্রোল সেন্টার নিশ্চিত করতে হবে।

৭) ‘পল্লী ডাক্তার’ বা ‘Barefoot Doctor’কোর্স অবৈধ ঘোষণা : এ ধরনের কোর্স জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত আইনগতভাবে এগুলো নিষিদ্ধ ঘোষণা করে অপরাধ হিসেবে গণ্য করতে হবে এবং বিকল্প হিসেবে প্রশিক্ষিত প্যারামেডিক ব্যবস্থা চালু করতে হবে।

৮) নতুন প্রাইভেট হাসপাতাল অনুমোদনে ১ বছরের স্থগিতাদেশ : অবাধ অনুমোদনের ফলে মান নিয়ন্ত্রণ দুর্বল হয়েছে। এক বছরের জন্য নতুন লাইসেন্স স্থগিত রেখে বিদ্যমান প্রতিষ্ঠানের মান নিরীক্ষা করা প্রয়োজন।

৯) ‘National Medical Education Board (NMEB) ’ গঠন : এমবিবিএস শিক্ষার মান আধুনিকীকরণে একটি স্বতন্ত্র বোর্ড গঠন জরুরি। কম্পিটেন্সি-ভিত্তিক শিক্ষা, সিমুলেশন ল্যাব এবং আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু করতে হবে।

১০) ৪টি স্বতন্ত্র স্বাস্থ্যবিভাগ প্রতিষ্ঠা : ঢাকা-কেন্দ্রিক স্বাস্থ্যমন্ত্রণালয় দিয়ে সমগ্র দেশের স্বাস্থ্যসেবা কার্যকরভাবে পরিচালনা সম্ভব নয়। অন্তত চারটি স্বতন্ত্র আঞ্চলিক স্বাস্থ্য বিভাগ গঠন করে বিকেন্দ্রীকৃত প্রশাসন নিশ্চিত করতে হবে।

১১) বিভাগীয় মেডিকেল কলেজে নন-ট্রান্সফারেবল চাকরি (পাইলট প্রকল্প) : আটটি বিভাগীয় মেডিকেল কলেজে ডাক্তারদের নন-ট্রান্সফারেবল পদায়ন করলে দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রটোকল, গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল উন্নয়ন সম্ভব হবে।

১২) অভিন্ন EMR ও PACSচালু (৬ মাসে) : সমস্ত বিভাগীয় হাসপাতালে একক Electronic  Medical Record (EMR)এবং PACS সিস্টেম চালু করা জরুরি। এতে রোগীর তথ্য সমন্বিত থাকবে এবং নীতিনির্ধারণ হবে ডেটা-নির্ভর।

১৩) উপজেলা ও জেলাপর্যায়ে পূর্ণ পদায়ন নিশ্চিত : এক বছরের মধ্যে সব শূন্য পদ পূরণ করতে হবে। আঞ্চলিক ভিত্তিতে পোস্টিং নিশ্চিত করলে কর্মী রিটেনশন ও সেবার মান বৃদ্ধি পাবে।

উপসংহার : স্বাস্থ্যখাতে কার্যকর সংস্কার কেবল বাজেট বৃদ্ধি নয়, বরং নীতিগত পুনর্গঠন, পেশাগত জবাবদিহিতা এবং প্রযুক্তিগত আধুনিকায়নের উপর নির্ভরশীল। উপরোক্ত ১৩ দফা বাস্তবায়িত হলে দেশের স্বাস্থ্যব্যবস্থা হবে বিকেন্দ্রীভূত, প্রযুক্তিনির্ভর, পেশাগতভাবে নিয়ন্ত্রিত এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনাভিত্তিক-যা একটি উন্নত ও মানবিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার ভিত্তি গড়ে তুলবে।

লেখক : ডা. মোহাম্মদ মহিউদ্দিন রেডিয়েশন অনকোলজিস্ট, সেইন্ট জন রিজিওনাল হসপিটাল, নিউ ব্রুান্সউইক। এসিস্টেন্ট প্রফেসর, ডালহাউসী ইউনিভার্সিটি, কানাডা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews