ব্রাজিলে নতুন ‘জুনিয়রের’ রাজত্ব চলছে। নেইমার ফিরে এসে দেখলেন তার সিংহাসনে দখল করে বসে আছেন অন্য কেউ। তিনি ছাড়াও এই ব্রাজিল জিততে পারে। তবে রাজা তো রাজাই। তার দিকেই তাকিয়ে ছিলেন সবাই। 

দীর্ঘ ৯৮১ দিন পর ফের ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নামার পর গ্যালারি জুড়ে ধ্বনি উঠল, ‘নেইমার-নেইমার’। 

সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সতীর্থদের আবাহন আর বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন, সব মিলিয়ে আবেগঘন এক মুহূর্ত তৈরি হয় বিশ্বকাপের ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে।

কিন্তু এই প্রত্যাবর্তনের গল্পের মাঝেও আরও একটা সত্য ফুটে উঠেছে। ব্রাজিল ফুটবল দলের হয়ে এখন আলো ছড়াচ্ছেন আর এক জুনিয়র। তিনি ভিনিসিয়াস জুনিয়র। 

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেন। ম্যাচ হাতের মুঠোয় চলে আসার পর কোচ আনচেলোত্তি মাঠে নামান নেইমার জুনিয়রকে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। 

পাঁচ সপ্তাহের চোট কাটিয়ে ফেরা ৩৪ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের পর আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার নামলেন। বিশ্বকাপে এটাই তার ১৪ নম্বর ম্যাচ। 

সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে কটাক্ষ করে ‘ওয়ার্ক ফ্রম হোম খেলোয়াড়’ বলে মন্তব্য করেছিলেন। ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া এবং বিশ্বকাপের মঞ্চে নেমে নেইমার সেই কটাক্ষের জবাব দিয়েছেন। 

এক সময় ব্রাজিলের আক্রমণের সকল আশা-ভরসা ছিল নেইমারকে ঘিরে। কিন্তু এখন সেই দায়িত্ব অনেকটাই কাঁধে তুলে নিয়েছেন ভিনি জুনিয়র। বিশেষ করে চলতি বিশ্বকাপে সেটাই দেখা যাচ্ছে। ব্রাজিল জার্সিতে ভিনি জুনিয়রই উজ্জ্বল মুখ।

গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচের মতোই স্কটল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো। গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক মানসিকতায় তিনি বারবার বিপাকে ফেলেছেন স্কটিশ রক্ষণভাগকে। জোড়া গোলের মালিক তিনি। 

নেইমারের উপস্থিতি এখনও ব্রাজিলের কাছে অনুপ্রেরণা। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের মানসিকতা দলকে বাড়তি শক্তি দেবে। কিন্তু চলতি বিশ্বকাপের তিনটি ম্যাচ, বিশেষ করে স্কটল্যান্ড ম্যাচ যেন পরিষ্কার করে দিল, ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যতের কাণ্ডারী এখন ভিনিসিয়াস। 

ষষ্ঠ বিশ্বকাপ ঘরে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে খেলতে এসেছে ব্রাজিল। সেই জার্নিতে নেইমারের প্রত্যাবর্তন যেমন বড় খবর, তেমনই আরও এক জুনিয়রের উত্থান দেখছে বিশ্ব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews