জীবনের শুরু কোথা থেকে—এই প্রশ্ন মানুষ বহুদিন ধরে করে আসছে। এত দিন বিজ্ঞানীরা মনে করতেন, পৃথিবীর সব প্রাণের শুরু হয়েছিল একটি মাত্র কোষ থেকে। সেই কোষের নাম ছিল লুকা (LUCA)। কিন্তু নতুন গবেষণা বলছে, গল্পটা আরও পুরোনো।
সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, লুকা আসলে জীবনের শুরু নয়। বরং সে ছিল আগের কোনো অজানা যুগের জীবনের উত্তরসূরি। গবেষণাটি প্রকাশ হয়েছে বিজ্ঞানবিষয়ক সাময়িকী সেল জেনোমিকসে (Cell Genomics)-এ।
লুকা বা ‘লাস্ট ইউনিভার্সাল কমন অ্যানসেস্টর’ (সব প্রাণের শেষ সাধারণ পূর্বপুরুষ) প্রায় ৪২০ কোটি বছর আগে বেঁচে ছিল। আজকের ব্যাকটেরিয়া, গাছ, প্রাণী ও মানুষ—সবাই এই লুকার বংশধর। এত দিন ধারণা ছিল, এখান থেকেই জীবনের যাত্রা শুরু।
কিন্তু যুক্তরাষ্ট্রের এমআইটি ও ওবারলিন কলেজের গবেষকেরা খুঁজে পেয়েছেন কিছু বিশেষ জিন, যেগুলোকে বলা হচ্ছে ‘ইউনিভার্সাল প্যারালগ’ (সব জীবের ভেতর থাকা এক ধরনের নকল বা দ্বিগুণ জিন)। এই জিনগুলো আজকের সব জীবের মধ্যেই আছে। এর মানে হলো—জীবনের বিভিন্ন শাখা তৈরি হওয়ার আগেই এই জিনগুলো তৈরি হয়েছিল।
গবেষকেরা বলছেন, জীবাশ্ম না থাকায় এত পুরোনো সময়ের সরাসরি প্রমাণ পাওয়া যায় না। তাই তারা জিনের ভেতরের ইতিহাস খুঁজেছেন। এসব জিন প্রমাণ করে, লুকার আগেও ছিল এক ধরনের আদিম কোষের জগৎ। সেখানে কোষগুলো একে অন্যের সঙ্গে ডিএনএ আদান-প্রদান করত এবং ধীরে ধীরে জটিল জীবনের ভিত্তি তৈরি করত। এই প্রাচীন জিনগুলো জীবনের খুব জরুরি কাজ করত। যেমন— প্রোটিন তৈরিতে সাহায্য করত (প্রোটিন হলো শরীরের গঠন ও কাজের মূল উপাদান)। কোষের দেয়াল বা ঝিল্লি রক্ষা করত, যাতে কোষ টিকে থাকতে পারে।
গবেষকেরা বলছেন, সময়ের সঙ্গে অনেক আদিম জীবন হারিয়ে গেছে। কিন্তু এই জিনগুলো এত কার্যকর ছিল যে, তারা টিকে গেছে। আজকের সব জীবের ভেতর তারা রয়ে গেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল