যুক্তরাষ্ট্রে সরাসরি অস্কার অনুষ্ঠান দেখার দর্শকসংখ্যা গত বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
লস অ্যাঞ্জেলেস থেকে বার্তাসংস্থা এএফপি জানায়, রোববার হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার আসরে সেরা ছবির পুরস্কার জেতে রাজনৈতিক থ্রিলার ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। অনুষ্ঠানটি সরাসরি দেখেছেন অন্তত এক কোটি ৭৯ লাখ মানুষ।
এই হিসাবে এবিসি সম্প্রচার নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুর দর্শক অন্তর্ভুক্ত রয়েছে। দু’টি প্ল্যাটফর্মই ডিজনির মালিকানাধীন।
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেন কৌতুক অভিনেতা কনান ও’ব্রায়েন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনার মাধ্যমে নেটফ্লিক্সের জনপ্রিয় ‘কে-পপ ডেমন হান্টার্স’ এবং বক্স অফিসে সফল ‘সিনার্স’ চলচ্চিত্রকে শ্রদ্ধা জানানো হয়। যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে নির্মিত ভ্যাম্পায়ার ঘরানার এই ছবিটির পরিচালক রায়ান কুগলার।
‘সিনার্স’ চলচ্চিত্রে স্মোক ও স্ট্যাক নামে যমজ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করা মাইকেল বি. জর্ডান এবার সেরা অভিনেতার অস্কার জিতেছেন। কঠিন এই প্রতিযোগিতায় তিনি টেক্কা দিয়েছেন টিমোথি শ্যালামেকে, যিনি ‘মার্টি সুপ্রিম’ ছবিতে এক পিংপং খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করে অস্কার জয়ের সবচেয়ে বড় দাবিদার ছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘ ‘ইন মেমোরিয়াম’ পর্বে অভিনেতা রবার্ট রেডফোর্ডকে শ্রদ্ধা জানানো হয়। এতে বারব্রা স্ট্রেইস্যান্ডের একটি বিরল মঞ্চ পরিবেশনাও ছিল।
এক সময় অস্কার সম্প্রচার নিয়মিত চার কোটি দর্শক টানত। তবে ২০২১ সালে করোনা মহামারির পর সেই সংখ্যা নেমে আসে মাত্র এক কোটি চার লাখে। এরপর ধীরে ধীরে দর্শক বাড়ছিল, কিন্তু এ বছর আবার কমেছে।
২০২৫ সালে শন বেকারের ‘অ্যানোরা’ সেরা ছবি হলে স্ট্রিমিং সেবার সুবাদে মোবাইল ফোন ও কম্পিউটারে অনুষ্ঠান দেখার সুযোগ তৈরি হয়েছিল এবং দর্শকসংখ্যাও বেড়েছিল।
এ বছরের এই পতন পুরস্কার মৌসুমের অন্যান্য আয়োজনের প্রবণতার সঙ্গে মিলে যায়। গোল্ডেন গ্লোবস ও গ্র্যামি অ্যাওয়ার্ডসেও একইভাবে দর্শক কমেছে।
রোববারের সম্প্রচারটি ক্রীড়া প্রতিযোগিতার সঙ্গেও পাল্লায় পড়েছিল। ওই দিন ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ডোমিনিকান রিপাবলিককে হারায় যুক্তরাষ্ট্র।
হলিউডের পুরস্কার মৌসুমের সমাপ্তি টানে অস্কার। ২০২৯ সাল থেকে অনুষ্ঠানটি ইউটিউবে সম্প্রচার করা হবে।
—সূত্র বাসস