তেল ও গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হোসাইন।
সোমবার (২০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে। পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির মাধ্যমে দেশের নি¤œ ও মধ্যবিত্ত জনগোষ্ঠীকে চরম সংকটে ফেলা সরকারের দায়িত্বহীন শাসনেরই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, জ্বালানি মন্ত্রীর পক্ষ থেকে তেলের পর্যাপ্ত মজুদের দাবি করা হলেও বাস্তবে ভোক্তারা তেল পাচ্ছেন না, যা চরম সাংঘর্ষিক। সংশ্লিষ্ট আমলা ও মন্ত্রণালয়ের চরম প্রশাসনিক ব্যর্থতায় ডিপোগুলোতে তেল থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছেন। একটি শক্তিশালী সিন্ডিকেট কৃত্রিম সংকট সৃষ্টি করে দুর্নীতি ও অদক্ষতার মাধ্যমে জনজীবন বিপন্ন করে তুলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমার পরও দেশে এই মূল্যবৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
নেতৃবৃন্দ সরকারকে হুঁশিয়ারি প্রদান করে বলেন, জনগণের সহনশীলতার সীমা পরীক্ষা করা বন্ধ করতে হবে। অবিলম্বে তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনা এবং সিন্ডিকেট ভেঙে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় জনস্বার্থে বাংলাদেশ খেলাফত যুব মজলিস দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। পরিশেষে, দেশের সর্বস্তরের জনগণকে এই অন্যায্য সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।