‘বছরে দুটি ঈদে ছুটি পাই। এ সময় যদি পরিবারের কাছে যেতে না পারি, তা হলে আর যাওয়া হবে না। তাই কষ্ট হলেও যেতে হবে, কিছুই করার নেই।’ কথাগুলো বলছিলেন সবুজ মণ্ডল। তিনি ঢাকা থেকে সিরাজগঞ্জে যাচ্ছেন পরিবারের সঙ্গে ঈদ করতে।
আজ মঙ্গলবার ঈদযাত্রার চতুর্থ দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী বনলতা এক্সপ্রেসে কথা হয় এই যাত্রীর সঙ্গে। আজ সকাল থেকে ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোতে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিছু কিছু ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি নিয়ে ছাদে করেও যাত্রীদের ঢাকা ছাড়তে দেখা গেছে।
জায়গা না পেয়ে ট্রেনের বগির দরজাতে কোনোমতে বসে পড়েন সবুজ মণ্ডল। তিনি জানান, রাজধানীর একটি হাসপাতালে চাকরি করেন। সব সময় ছুটি পান না। ঈদ এলে তিন থেকে চার দিন ছুটি পান।