আসুনসিয়ন, ২৯ জুন – ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে প্যারাগুয়ে। তবে শেষ ৩২ এর এই লড়াইয়ে তাদের মোকাবিলা করতে হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির। কঠিন প্রতিপক্ষ হলেও লাতিন আমেরিকার এই দলটি এখন আত্মবিশ্বাসে টগবগ করছে।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারানোর অভিজ্ঞতাকেই জার্মানির বিপক্ষে বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন কোচ গুস্তাভো আলফারো। বাংলাদেশ সময় সোমবার রাত ২টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বোস্টনে জুলিয়ান নাগলসম্যানের জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আলফারো বলেন,

আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলেছি যারা জার্মানির সমমানের এবং কোনো ক্ষেত্রে তাদের চেয়েও এগিয়ে। তারা বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তাদের বিপক্ষে আমরা লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছি। ২০২৪ সালের আগস্টে আলফারো দায়িত্ব নেওয়ার পর বদলে যায় প্যারাগুয়ের খেলার ধরন।

তার অধীনেই দলটি শক্তিশালী ব্রাজিল ও আর্জেন্টিনাকে হারিয়ে হারানো গৌরব ফিরে পায়। এবারের বিশ্বকাপে প্যারাগুয়ের যাত্রাটা অবশ্য সহজ ছিল না। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হলেও তুরস্কের বিপক্ষে ১০ জন নিয়ে খেলে ১-০ ব্যবধানে জয় পায় তারা।

এরপর অস্ট্রেলিয়ার সাথে গোলশূন্য ড্র করে তারা নকআউট পর্ব নিশ্চিত করে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্যারাগুয়ে শিবিরে কিছুটা অস্বস্তিও রয়েছে। কার্ড জটিলতায় মিডফিল্ডার ডিয়েগো গোমেজকে পাওয়া যাচ্ছে না এবং ইনজুরির কারণে অনিশ্চিত ওমর আলদেরেতে।

তবে দলের জন্য সুখবর হলো এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন তারকা ফরোয়ার্ড মিগুয়েল আলমিরন। আলফারো জানিয়েছেন যে শক্তিশালী জার্মানির গতিরোধ করতে বিশেষ পরিকল্পনা রয়েছে তার। যদিও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি তবুও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে প্যারাগুয়ে।

এস এম/ ২৯ জুন ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews