রাজশাহীর দরগা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শনিবার (২১ মার্চ) সকালে হাজারো মুসল্লির সাথে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় তিনি সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান করেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদের নামাজ আদায় করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং দেশকে এগিয়ে নিতে সবার মধ্যে ঈদের ভালোবাসার বন্ধন অটুট রাখতে হবে।’

নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পাশাপাশি হিংসা-বিদ্বেষ ভুলে মিলেমিশে থাকার জন্য দোয়া করা হয়।

এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা একসাথে নামাজ আদায় করেন। এসময় বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সবুর আলী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মহিনুল হাসান উপস্থিত ছিলেন।

সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘সিটি করপোরেশনের পক্ষ থেকে ছয়টি স্থানে ঈদের জামাতের ব্যবস্থা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ফলে মসজিদে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, ‘শান্তিপ্রিয় এ নগরীতে দল-মত নির্বিশেষে একত্রে কাজ করে রাজশাহীর উন্নয়ন এগিয়ে নিতে হবে।’

এদিকে নগরীর জিন্নাহনগর জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাতে অংশ নেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন।

নামাজ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদ আমাদের ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সব হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে একে অন্যের সাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে। মাহে রমজানের শিক্ষা ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।’

নগরীর দরগাপাড়া হজরত শাহ্ মখদুম রূপোশ (রহ.) মাজার সংলগ্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। জামাত শেষ হয় ৮টা ২০ মিনিটে। পরে একই স্থানে সকাল পৌনে ৯টায় অনুষ্ঠিত হয় দ্বিতীয় জামাত। বৈরী আবহাওয়ার কারণে এবার শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে শাহ মখদুম দরগার মসজিদেই ঈদের নামাজ আদায় করা হয়।

এ ছাড়া জিন্নাহনগর জামে মসজিদ, সাহেব বাজার জিরো পয়েন্ট মসজিদ, টিকাপাড়া মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদ ও রুয়েট মসজিদসহ রাজশাহীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সব মিলিয়ে এবারের ঈদ উদযাপনে রাজশাহীতে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল বার্তা প্রতিফলিত হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews