সুঠাম শরীরের অধিকারী অনেকেই একটি সমস্যায় ভোগেন—মেদ জমে শুধু পেটেই। ওজন কমলেও ভুঁড়ি যেন কমতেই চায় না। এই সমস্যার সমাধানে শুধু ডায়েট বা ব্যায়াম নয়, দরকার সঠিক ধারণা—এমনটাই বলছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস ট্রেইনার সিদ্ধার্থ সিং।
তার মতে, তলপেটের মেদ না কমার পেছনে বড় ভূমিকা রাখে আমাদের দৈনন্দিন খাবার। অনেক সময় আমরা যেসব খাবারকে ‘স্বাস্থ্যকর’ ভাবি, সেগুলোর মধ্যেই লুকিয়ে থাকে অতিরিক্ত ক্যালোরি। ফলে অজান্তেই ওজন বেড়ে যায়। তাই শুধু কী খাচ্ছেন তা নয়, কতটা খাচ্ছেন—সেটিও সমান গুরুত্বপূর্ণ।
উদাহরণ হিসেবে তিনি বলেন, বাদামের মাখন (নাট বাটার) প্রোটিন ও ভালো ফ্যাটের উৎস হলেও এতে ক্যালোরি বেশ বেশি। অনেকেই এটি টোস্ট বা স্মুদিতে মিশিয়ে নিয়মিত খান, কিন্তু পরিমাণ না মেনে খেলে তা ওজন কমানোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।
একইভাবে গ্র্যানোলা বা প্রক্রিয়াজাত দানাশস্যকেও অনেকেই স্বাস্থ্যকর মনে করেন। তবে বিশেষজ্ঞদের মতে, বাজারের গ্র্যানোলায় প্রায়ই অতিরিক্ত চিনি ও শুকনো ফল থাকে, যা ক্যালোরি বাড়িয়ে দেয় এবং ওজন কমাতে সমস্যা তৈরি করে।
এছাড়া, বিয়ার পান করার অভ্যাসও ওজন নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে। সপ্তাহে একদিন হলেও বিয়ার খেলে তা ক্যালোরি বাড়ায় এবং বিপাকক্রিয়া ধীর করে দিতে পারে, যা মেদ ঝরানোর প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
সিদ্ধার্থ সিংয়ের পরামর্শ, নির্দিষ্ট অংশের মেদ কমাতে চাইলে শুধু ব্যায়াম নয়, খাবারের গুণগত মান ও পরিমাণ—দুটির দিকেই নজর দিতে হবে। পাশাপাশি বিপাকক্রিয়া সচল রাখাও সমান জরুরি।