নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বিপক্ষে খেলতে রাজি হয়েছে পাকিস্তান। আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে বৈঠকের পর পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে শুরুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে বহুল আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচ।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসি বড় ধরনের আর্থিক সংকটে পড়ার আশঙ্কায় ছিল। কারণ ভারত–পাকিস্তান ম্যাচ না হলে প্রায় ৬ হাজার কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়তে হতো সংস্থাটিকে। এ কারণে পরিস্থিতি সামাল দিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) পিসিবি ও বিসিবির সঙ্গে বৈঠকে বসে আইসিসি।

ওই বৈঠকে পিসিবি ও বিসিবি আইসিসির কাছে একাধিক শর্ত দেয়, যা আইসিসি মেনে নেয়। এরপরই পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ খেলার ঘোষণা দেয়।

পাকিস্তানের এই ইউটার্নকে অনেকেই অনুমিত বললেও বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘পাকিস্তান ও আইসিসি নিয়ে একের পর এক খবর আসছিল। পাকিস্তান শেষ পর্যন্ত ইউটার্ন মেরে দিয়েছে। এই সম্মান রাখবো, সেই সম্মান রাখবো—কিন্তু তারা কীসের সম্মানের কথা বলছে, ঈশ্বরই জানেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বলেছে, ক্রিকেটের ইকোসিস্টেম ঠিক রাখতে এই খেলা হওয়া উচিত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। এরপরই পাকিস্তান ইউটার্ন মেরে দিয়েছে।’

এর আগে ভারতীয় সাংবাদিক বিক্রান্ত গুপ্তা বলেছিলেন, এশিয়া কাপের মতো এবারও শুরুতে নাটক করলেও শেষ পর্যন্ত পাকিস্তান খেলবেই। সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে আকাশ চোপড়া বলেন, ‘বিক্রান্ত গুপ্তা বলেছিলেন, পাকিস্তান শেষ পর্যন্ত ঠিকই খেলবে। আপনি ঠিকই বলেছিলেন। এবারও অনেক নাটকের পর ১৫ ফেব্রুয়ারি ম্যাচে পাকিস্তান খেলছে।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আইসিসি তা প্রত্যাখ্যান করে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়ায় পাকিস্তান এবং আইসিসির বিরুদ্ধে অবিচারের অভিযোগ তোলে। সেই ধারাবাহিকতায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় তারা।

শেষ পর্যন্ত আইসিসির সঙ্গে সমঝোতার পর সব নাটকের অবসান ঘটে এবং ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে ভারত–পাকিস্তান ম্যাচ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews