ভাঙিপুরাপ্পু ভেঙ্কট সাই লক্ষ্মণ নামটি এখন আর খুব বড় মনে হচ্ছে না। বরং মনে হচ্ছে, এমনই তো হওয়া উচিত। টেস্ট ক্রিকেটে ভারতের ৬৭ বছরের ইতিহাস নতুন করে লেখা হলো যার ব্যাটে, তার জন্য এই নামটি এমন কী বড়? তা আরও বড় হলেও মানাত!
পুরোটাই তার নাম, তবে একটি শব্দে ডাকতে গেলে ‘লক্ষ্মণ’ই ডাকা উচিত। নামের সেটুকুই আসলে তার একমাত্র নিজস্ব, তার গ্রাম (ভাঙিপুরাপ্পু), বাবা (ভেঙ্কট) আর আরাধ্য দেবতা (সাই)-র নাম যোগ হয়েছে এর আগে। এত দিন এগুলো নিয়ে এত গবেষণার প্রয়োজন পড়েনি, বুধবার থেকে পড়ছে। ভারতীয় ক্রিকেটের একটি অধ্যায় নিজের করে নিয়েছেন ভেঙ্কট লক্ষ্মণ। এত দিন যে অধ্যায়ের নায়ক ছিলেন ভারতীয় ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি।