গ্রীষ্মের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ার ঘটনা দেখা যায়। বিষয়টি নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসকদের মতে, বেশিরভাগ ক্ষেত্রে এটি মৌসুমি ও সাধারণ একটি সমস্যা, যা মূলত অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে হয়ে থাকে।

বিশেষজ্ঞরা জানান, তীব্র গরম, শুষ্ক বাতাস এবং পানিশূন্যতা নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালিকে দুর্বল করে দেয়। এতে সামান্য চাপ বা ঘর্ষণেই রক্তপাত হতে পারে। কান-নাক-গলা (ইএনটি) চিকিৎসকদের মতে, গরমে নাকের ভেতরের আস্তরণ শুকিয়ে যাওয়ায় এমন সমস্যা আরও বাড়ে।

গ্রীষ্মে নাক দিয়ে রক্ত পড়ার সাধারণ কারণ

চিকিৎসকদের মতে, এ সময় কিছু সাধারণ কারণেই বেশি নাক দিয়ে রক্ত পড়ে—

• অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়া 

• শরীরে পানির ঘাটতি 

• অ্যালার্জি বা সংক্রমণ 

• নাক খোঁচানো 

• জোরে নাক ঝাড়া 

বেশিরভাগ ক্ষেত্রে এই রক্তপাত নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং আলাদা চিকিৎসার প্রয়োজন পড়ে না।

শিশুরা কেন বেশি ঝুঁকিতে

শিশুদের ক্ষেত্রে এই সমস্যা তুলনামূলক বেশি দেখা যায়। কারণ তাদের নাকের ভেতরের আবরণ বেশি সংবেদনশীল। এছাড়া তারা বেশি নাক খোঁচায়, দ্রুত পানিশূন্যতায় ভোগে এবং ধুলা ও গরমের সংস্পর্শেও বেশি থাকে।

কখন চিকিৎসকের কাছে যাবেন

তবে কিছু লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি—

• ১০–১৫ মিনিটের মধ্যে রক্তপাত বন্ধ না হওয়া 

• বারবার নাক দিয়ে রক্ত পড়া 

• অতিরিক্ত রক্তপাত 

• মুখে ব্যথা বা শ্বাস নিতে সমস্যা 

• অতিরিক্ত দুর্বলতা 

• সহজে শরীরে কালশিটে পড়া বা অকারণে ওজন কমে যাওয়া 

এসব ক্ষেত্রে নাকের হাড় বাঁকা থাকা, নাকের পলিপ, উচ্চ রক্তচাপ, আয়রনের ঘাটতি বা রক্ত জমাট বাঁধার সমস্যার মতো জটিল কারণ থাকতে পারে। খুব বিরল ক্ষেত্রে টিউমারও দায়ী হতে পারে।

আরও পড়ুন

আরও পড়ুন

পুরুষের পেটের মেদ অজান্তেই বাড়াচ্ছে ডায়াবেটিস-হার্ট অ্যাটাকের ঝুঁকি

পুরুষের পেটের মেদ অজান্তেই বাড়াচ্ছে ডায়াবেটিস-হার্ট অ্যাটাকের ঝুঁকি

প্রতিরোধে যা করবেন

গরমে নাক দিয়ে রক্ত পড়া এড়াতে কিছু সহজ অভ্যাস অনুসরণ করা যেতে পারে—

• পর্যাপ্ত পানি পান করা 

• স্যালাইন ন্যাসাল স্প্রে ব্যবহার 

• নাকের ভেতরে অল্প পরিমাণ পেট্রোলিয়াম জেলি লাগানো 

• নাক খোঁচানো বা জোরে পরিষ্কার করা থেকে বিরত থাকা 

• এসি পরিবেশে হিউমিডিফায়ার ব্যবহার 

রক্ত পড়লে করণীয়

নাক দিয়ে রক্ত পড়লে আতঙ্কিত না হয়ে—

• সোজা হয়ে বসে মাথা সামান্য সামনে ঝুঁকিয়ে রাখুন 

• নাকের নরম অংশ ১০ মিনিট চেপে ধরুন 

• শুয়ে পড়া বা মাথা পেছনে নেওয়া এড়িয়ে চলুন 

তবুও রক্তপাত বন্ধ না হলে বা বারবার হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews