রাজধানীতে শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি রোববার (১২ জুলাই) ভোরে মুষলধারে বর্ষণে রূপ নেয়। সকাল ৭টা পর্যন্ত টানা বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সকাল সাড়ে ৬ টার দিকে গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়ক, মোহাম্মদপুর, বিজয়নগরসহ বিভিন্ন এলাকায় রাস্তায় হাঁটু থেকে কোমরসমান পানি জমতে দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও কর্মজীবীরা।

শেওড়াপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম জানান, বৃষ্টির পানিতে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শেওড়াপাড়া শাখা-৩-এর সামনের প্রধান সড়ক এবং আশপাশের অলিগলি তলিয়ে যায়। অর্ধবার্ষিক পরীক্ষা চলমান থাকায় সকালে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকেরা। পরে অভিভাবকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শাখাটির দিনের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করে।

অন্যদিকে ক্রিসেন্ট রোড এলাকার বাসিন্দা শামিমা নাসরিন জানান, তাদের এলাকায় কোমরসমান পানি জমে জনদুর্ভোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর জানান, শনিবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে ঢাকায় এ সময়ের মধ্যে এত বেশি বৃষ্টি আর হয়নি বলেও তিনি উল্লেখ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews