বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) বসুন্ধরা কিংসের পিছু ছাড়ছে না আবাহনী। গতকাল লিগে নিজেদের ১৪ নম্বর ম্যাচে আকাশি-নীল জার্সিধারীরা শক্তিশালী ফর্টিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে। এ জয়ে লিগের পয়েন্ট তালিকায় বসুন্ধরা কিংসের সমান্তরালে পৌঁছে গেছে আবাহনী। অবশ্য এক ম্যাচ কম খেলেছে কিংস। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট এবং +১৭ গোল ব্যবধান নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট এবং +১৬ গোল ব্যবধান নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আবাহনী। আজ লিগে নিজেদের ১৪ নম্বর ম্যাচে বসুন্ধরা কিংস মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। এ ম্যাচে জয় পেলে পয়েন্টের ব্যবধান পুনরায় বাড়িয়ে নেবে কিংস। গতকাল কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভাগ্যক্রমে এগিয়ে যায় আবাহনী। মাত্র ৩৩ সেকেন্ডেই গোল পেয়ে যায় তারা। প্রথম মিনিটে প্রথম আক্রমণে যায় আবাহনী। মিরাজুল ইসলাম ডি বক্সে ক্রস দেন। ফর্টিসের গোলরক্ষক সুজন পেরেরা বলটা তালবন্দি করার অপেক্ষায় ছিলেন। এ সময়ে ফর্টিসের ডিফেন্ডার মিঠু চৌধুরী এগিয়ে এসে বল ক্লিয়ার করতে যান। তবে বল তার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। এ গোলটাই আবাহনীকে জয় এনে দেয়। ম্যাচের বাকি সময়টা ১-০ ব্যবধান ধরে রাখে আকাশি-নীল জার্সিধারীরা। পিছিয়ে পড়ার পর আবাহনীর রক্ষণে বেশ চাপ তৈরি করে ফর্টিস। বিশেষ করে প্রথমার্ধের শেষদিকে গোলমুখে ভালো জায়গায় বল পেয়ে যান ইসা জালো। তবে তিনি হেড করে বল ক্রসবারের ওপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন। এরপরও বেশ কিছু সুযোগ তৈরি করে ফর্টিস। তবে গোলের দেখা পায়নি তারা।
দিনের অপর ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে আরামবাগ। ম্যাচের ৬৪ মিনিটে কিজিতোর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরামবাগ। এ জয়ে রেলিগেশন লাইনের ওপরে উঠেছে তারা। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করে ৮ নম্বরে অবস্থান করছে আরামবাগ। এক ম্যাচ কম খেলা পিডব্লিউডি ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে আছে। আজ পিডব্লিউডি মোহামেডানের মুখোমুখি হবে। এই ম্যাচ মোহামেডানের জন্যও গুরুত্বপূর্ণ। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান। রেলিগেশন থেকে বাঁচতে সামনের সব ম্যাচই সাদা-কালো জার্সিধারীদের জন্য গুরুত্বপূর্ণ।