গাইবান্ধার সুন্দরগঞ্জে কীটনাশক ওষুধসহ ৩০ বস্তা নকল বাংলা টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ।
এর আগে, রবিবার ঘটনাস্থল থেকে কীটনাশক ওষুধ ও সারগুলো জব্দ করা হয়। পরে সেগুলো উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিম্মায় রাখা হয়েছে। সারগুলো নকল কিনা বিষয়টি নিশ্চিত হওয়ার পরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সহকারী কমিশনার।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম আসিফ হাসান বলেন, জব্দ করা মালগুলো আমাদের জিম্মায় আছে। সারগুলো নকল হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো নকল কিনা পরীক্ষা করার জন্য ইতোমধ্যে পাঠানোও হয়েছে। নকল ও ভেজাল সার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান এ কর্মকর্তা। তবে সারগুলো কোথা থেকে এসেছে এবং কে ক্রয় করেছিলেন, সে বিষয়ে তদন্তের কাজ চলছে।
বিডি প্রতিদিন/এমআই