ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৪ বছর বয়সী এক পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের পর তিনি নিজ বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। অলৌকিকভাবে বেঁচে ফেরা ওই নারীর নাম পাউলিনা পোবি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক দিন খাবার ও পানি ছাড়া আটকে থাকায় দুর্বল হয়ে পড়লেও তিনি শারীরিকভাবে অক্ষত ও নিরাপদ রয়েছেন। এ খবর দিয়েছে গার্ডিয়ান। গত শনিবার সকালে ফ্লোরেস দ্বীপে আঘাত হানা রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৩ জনের মৃত্যু হয় এবং ৯ শতাধিক মানুষ আহত হন।

এছাড়া গৃহহীন হয়ে পড়েন প্রায় ৬০ হাজার মানুষ। ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসে বৃদ্ধা পাউলিনা পোবির গ্রাম নিতুংলিয়া বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তার বাঁশের তৈরি ঘরটি ভেঙে পড়ে। তিনি প্যারালাইজড হওয়ায় নড়াচড়া করতে বা সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে পারছিলেন না। ফলে মঙ্গলবার অর্থাৎ ঘটনার চতুর্থ দিনে গিয়ে পরিবারের সদস্যরা তাকে বাঁশের ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করতে সক্ষম হন। স্থানীয় কর্মকর্তা রুডলফুস রিবা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, এটি পুরোপুরি অবিশ্বাস্য ও এক প্রকার অলৌকিক ঘটনা। তার শরীরে কোনো গুরুতর আঘাতের চিহ্ন নেই, তবে না খেয়ে থাকায় তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছিলেন।

উদ্ধারের পরপরই তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ভূমিকম্পের পর থেকে ফ্লোরেস দ্বীপে তিন হাজারের বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ক্ষতিগ্রস্ত এলাকায় শত শত টন ত্রাণ পাঠালেও দুর্গম পাহাড়ি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে সহায়তা পৌঁছাতে সামরিক বিমান ও নৌযান ব্যবহার করা হচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়ায় প্রায়ই প্রাণঘাতী ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে থাকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews