আইপিএলে ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছেন সাই সুদর্শন। আরও একটি অর্ধশতক করে রেকর্ডের পাতায় নাম তুলেছেন গুজরাট টাইটান্সের ওপেনার। টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলে আইপিএলের ইতিহাসে বিশেষ কীর্তি গড়েছেন ভারতীয় এই ব্যাটসম্যান।

বৃহস্পতিবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেন সুদর্শন। ৫৩ বলের ইনিংসে তিনি মারেন চারটি ছক্কা ও সাতটি চার।

এই ইনিংসের মাধ্যমে আইপিএলে টানা পাঁচ ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা মাত্র চতুর্থ ব্যাটসম্যান হলেন তিনি। এর আগে ২০১২ সালে বীরেন্দর শেবাগ, ২০১৯ সালে জস বাটলার এবং একই বছরে ডেভিড ওয়ার্নার এই কীর্তি গড়েছিলেন।

সুদর্শনের এই ধারাবাহিকতার শুরু হয়েছিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫৭ রানের ইনিংস দিয়ে। এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেন ৫৫ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেন ৬১ রানের ইনিংস। আর আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৫৩ রানে।

চলতি আইপিএলে এ ছাড়া আরও তিনটি অর্ধশতক করেছেন সুদর্শন। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরিও। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭৩ রান করার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে করেন ৮৭ রান।

চেন্নাইয়ের বিপক্ষে এদিন শুভমান গিলের সঙ্গে ১২৫ রানের উদ্বোধনী জুটি গড়েন সুদর্শন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ছিল এই জুটির ১০তম শতরানের পার্টনারশিপ। যেকোনো উইকেটে টি-টোয়েন্টিতে তাঁদের চেয়ে বেশি শতরানের জুটি আর কোনো জুটির নেই।

টি-টোয়েন্টিতে ১০টি করে শতরানের জুটি গড়ার কীর্তি রয়েছে ক্রিস গেইল ও বিরাট কোহলি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, এবং এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির।

চলতি আসরে ৫২.০৮ গড়ে ও ১৫৬.২৫ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ৬২৫ রান করেছেন সুদর্শন, যা এবারের আইপিএলে সর্বোচ্চ। ছয়শ রানের মাইলফলক ছুঁতে পেরেছেন আর মাত্র একজন, গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬৪ রান করা এই ওপেনারের মোট রান এখন ৬১৬।

গত মৌসুমেও ছয়শর বেশি রান করেছিলেন সুদর্শন ও গিল। আইপিএলে টানা তিন মৌসুমে ছয়শর বেশি রান করার কীর্তি রয়েছে ক্রিস গেইল, ডেভিড ওয়ার্নার, লোকেশ রাহুল ও বিরাট কোহলির।

বিডি প্রতিদিন/এম.এস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews