দেশের রিটেইল শপ বা মুদি দোকানগুলোতে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারে চাটনিঅ্যাডস-এর (ChutneyAds) সঙ্গে চুক্তি করেছে টেলিকম অপারেটর গ্রামীণফোন।
শনিবার (১৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই চুক্তির আওতায় দেশের ১৪টি গুরুত্বপূর্ণ এলাকার ১৫০টিরও বেশি মুদি দোকানে চাটনিঅ্যাডসের ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনের বিজ্ঞাপন প্রদর্শিত হবে। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
বিটুবি কমার্স প্ল্যাটফর্ম 'প্রিয়শপ'-এর উদ্যোগ চাটনিঅ্যাডস মূলত ক্ষুদ্র ও মাঝারি (MSME) উদ্যোক্তাদের দোকানগুলোকে একেকটি ডিজিটাল মিডিয়া টাচপয়েন্টে রূপান্তর করছে। বর্তমানে গ্রামীণফোন ছাড়াও এসএমসি, ফুডি, এসিআই সল্ট ও ওয়াটার এইডের মতো প্রতিষ্ঠানগুলো এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ব্র্যান্ডিং কার্যক্রম চালাচ্ছে।
চাটনিঅ্যাডসের কো-ফাউন্ডার দীপ্তি মন্ডল বলেন, বাংলাদেশের শক্তিশালী রিটেইল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে ব্র্যান্ডগুলো যাতে সরাসরি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ আমাদের সেই পথচলাকে আরও বেগবান করবে।
মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে আসা হাজারো গ্রাহক কেনাকাটার পাশাপাশি এখন থেকে এসব ডিজিটাল স্ক্রিনে গ্রামীণফোনের বিভিন্ন অফার ও তথ্য দেখতে পাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।