সেটে বলিউড অভিনেতা সালমান খানের উপস্থিতি তাকে হলিউড তারকা উইল স্মিথের কথা মনে করিয়ে দেয়। তার মতোই ভাইজানের মধ্যেও রয়েছে সহজাত তারকাসুলভ আচরণ বলে জানিয়েছেন পরিচালক আদিল।
শুক্রবার (২১ আগস্ট) প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক অ্যাকশন থ্রিলার সিনেমা ‘৭ ডগস’। এ সিনেমায় ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের পাশাপাশি রয়েছেন ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচ্চিও।
সম্প্রতি এ সিনেমার মরক্কো-বেলজিয়ান পরিচালক জুটি আদিল এল আরবি ও বিলাল ফালাহ এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নেন। ভাইজানকে নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ।
পরিচালক আদিল বলেন, সেটে সালমানের উপস্থিতি তাকে হলিউড তারকা উইল স্মিথের কথা পর্যন্ত মনে করিয়েছে। ক্যামেরা তার দিকে তাক করলেই যেন কিছু ‘ম্যাজিক’ ঘটে যায়। অদ্ভুত ব্যাপার ঘটে।
সালমান খুব দ্রুত বুঝতে পারেন, একটি দৃশ্যের প্রয়োজন ঠিক কী। সেটি নিখুঁতভাবে করার পর নিজের মতো করে আরও অনেক কিছু যোগ করেন। আদিলের কাছে সেই অভিজ্ঞতা অনেকটা অভিনয় প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গিয়ে চলচ্চিত্র তৈরি শেখার মতো।
অন্যদিকে আরেক পরিচালক বিলালের অভিজ্ঞতাও একই রকম। তিনি বলেন, শুটিংয়ের সময়ে সালমান অনেক সময়ে এমন এক-দুটি সংলাপ যোগ করতেন, যা পরে সম্পাদনার সময়ে নতুন করে নজরে আসত। পরিচালক বলেন, ছোট্ট একটি মুহূর্তকেও স্মরণীয় করে তোলার ক্ষমতা রয়েছে সালমানের।
‘৭ ডগস’ সিনেমাটির বাজেট প্রায় চার কোটি ডলার। আরব অঞ্চলের অন্যতম ব্যয়বহুল ছবিগুলোর মধ্যে এটি একটি। সৌদি আরবের রিয়াদে এ সিনেমার বড় অংশের শুটিং হয়েছে। লড়াই, স্টান্ট ও বিস্ফোরণের ওপরেও বিশেষ জোর দিয়েছেন নির্মাতারা।
সিনেমাটির বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হলো— একটি বিস্ফোরণ, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। ‘৭ ডগস’ সিনেমায় দেখানো বিস্ফোরণটিকে চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় ‘বিস্ফোরণ’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।