মাদ্রিদ, ১৭ জুলাই – ফুটবল বিশ্বের মহোৎসবের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ঐতিহাসিক আলোকচিত্র নতুন করে সাড়া ফেলেছে। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি এবং স্পেনের উদীয়মান তারকা লামিন ইয়ামালের এই ছবিতে দেখা যায় মেসি অত্যন্ত আদরের সঙ্গে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের কারণে অনেকে ছবিটিকে ভুয়া মনে করলেও ইউনিসেফ নিশ্চিত করেছে যে এটি সম্পূর্ণ বাস্তব। প্রায় আঠারো বছর আগে ইউনিসেফের একটি দাতব্য তহবিলের ক্যালেন্ডার তৈরির উদ্দেশ্যে এই বিশেষ ফটোশুটের আয়োজন করা হয়েছিল।
২০০৭ সালে বার্সেলোনার ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ড্রেসিংরুমে মা শিলার কোলে চড়ে আসা শিশু লামিন ইয়ামালের মুখোমুখি হয়েছিলেন তৎকালীন তরুণ তুর্কি ২০ বছর বয়সী লিওনেল মেসি। সংস্থাটি এক বিবৃতিতে এই স্মৃতির কথা স্মরণ করে জানায় যে সেই সময়কার সেই সাধারণ একটি মুহূর্ত আজ ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা মেলবন্ধনে পরিণত হয়েছে।
মজার বিষয় হলো লামিন ইয়ামাল নিজেই দীর্ঘদিন এই ছবির কথা জানতেন না। পরবর্তীতে তার বাবার মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের সঙ্গে নিজের তুলনা নিয়ে ইয়ামাল জানান যে মেসির সঙ্গে তুলনা পাওয়া সম্মানের বিষয় হলেও এটি মাঠের খেলায় বাড়তি চাপ সৃষ্টি করে।
অন্যদিকে মেসি সরাসরি এই ছবি নিয়ে কথা না বললেও বিভিন্ন সময় ইয়ামালের ফুটবল প্রতিভার প্রশংসা করেছেন। এবার মাঠের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রয়েছেন দুই প্রজন্মের এই দুই জাদুকর।
এস এম/ ১৭ জুলাই ২০২৬