সিলেটে এবার ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে নগরীর কুমারগাঁও বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার অপু ফ্লেক্সিলোড ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রির ব্যবসা করেন। তিনি সদর উপজেলার শেখপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে সিলেট নগরীতে আরও দুটি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
খোঁজে নিয়ে জানা যায়, রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন অপু। কুমারগাঁও বাসস্টেশন এলাকায় আসার পর তিনটি মোটরসাইকেল এসে তাকে ঘিরে ধরে। হেলমেট ও মাস্ক পরা ছিনতাইকারীরা অপু ও তার চাচাতো ভাইয়ের গলায় রামদা ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এরও আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের কবলে পড়েন। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর নয়দিন পর গত ৫ মার্চ সকালে নগরীর সাগরদিঘীর পাড় এলাকার তিন নম্বর সড়কে এক কলেজছাত্রী ছিনতাইয়ের শিকার হন। ওই ঘটনারও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে নাগরিকদের মাঝে ছিনতাইয়ের আতঙ্ক দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/কামাল