ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তিনি জানান, জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। প্রধানমন্ত্রী ঈদগাহে নামাজ আদায় করবেন।

সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান। 

আবদুস সালাম বলেন, প্রায় ৩৫ হাজার মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পারেন। যেহেতু আবহাওয়া গরম, তাই কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রের চেষ্টা করব ঈদগাহে। এ ছাড়া পর্যাপ্ত ফ্যান, লাইটের ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, এটা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের। নগরবাসী যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানাই।

প্রশাসক আরও জানান, যারা এখানে নামাজ আদায়ে আসবেন, তারা নির্দেশনা মেনে নিরাপত্তা ব্যাহত হয় এমন কিছু সঙ্গে বহন করবেন না, ঈদগাহে প্রবেশের সময়।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews