দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল কম দেখা যাচ্ছে। সড়কের ৬০ কিলোমিটারে এমন চিত্র চোখে পড়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সব ধরনের পরিবহন চলাচল চোখে পড়েনি।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকার কর্তৃক ছুটি ঘোষণা করায় মঙ্গলবার থেকে ভোটের টানে কর্মস্থল ছেড়েছে হাজার হাজার মানুষ। গতকাল সড়কে গাড়ি ও যাত্রী বেশি থাকলেও আজ দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
সড়কের বিভিন্ন অংশে ঘুরে দেখা গেছে, কিছু ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল করছে। প্রাইভেটকার, মাইক্রোবাস, নোহাসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়ি চোখে পড়েনি। দূরপাল্লার কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বাসের কাউন্টারগুলোতে ছিল না যাত্রীদের ভিড়।
মিরসরাই বাস কাউন্টারের মালিক শামীম হোসেন জানান, আজ রাস্তায় তেমন গাড়ি নেই। মানুষের চাপও নেই। গতকাল অনেক ভিড় ছিল।
মাইক্রোবাসচালক ইকবাল হোসেন বলেন, ‘বেশিভাগ গাড়ি ভোটের ডিউটির জন্য রিকুইজিশন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই আজ গাড়ি একেবারে কম।’
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘মহাসড়কে আজ যানবাহন চলাচল কমেছে। গতকাল বেশি চাপ ছিল। আমরা সড়কে ডিউটিতে রয়েছি।’