চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ম্যানুস কেনার দুই বিলিয়ন ডলারের চুক্তি থেকে সরে আসছে মেটা। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দুই পক্ষের কার্যক্রম আলাদা করার প্রক্রিয়া শুরু করেছে। একই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে পারস্পরিক তথ্য আদান–প্রদানও।

প্রযুক্তি নিরাপত্তার কারণ দেখিয়ে প্রায় দুই মাস আগে বেইজিং ম্যানুস বিক্রির নির্দেশ দিয়েছিল। এর পরই মেটা প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থায় প্রবেশ বন্ধ করে দেয়। এখন দুই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়া চলছে।

খবর অনুযায়ী, ম্যানুসের সহপ্রতিষ্ঠাতারা প্রতিষ্ঠানটি আবার নিজেদের নিয়ন্ত্রণে নিতে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহের আলোচনা করছেন। এতে চীনা অংশীদারিত্বের মাধ্যমে নতুন কাঠামো তৈরি হতে পারে। ভবিষ্যতে হংকংয়ের বাজারে তালিকাভুক্তির পরিকল্পনাও থাকতে পারে।

চীনের এ সিদ্ধান্ত দেখাচ্ছে, কৌশলগত প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়াতে বেইজিং আরও কঠোর হচ্ছে। শুধু ম্যানুস নয়, দেশটির অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানগুলোর বিদেশি বিনিয়োগ গ্রহণেও সরকারি অনুমোদনের বিষয়টি সামনে এসেছে।

এদিকে মেটার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও ম্যানুস নতুন সুবিধা চালু করছে। বিভিন্ন অনলাইন সেবা ও ব্যবসায়িক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার কাজ চলছে। ২০২৫ সালে ম্যানুসের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রদর্শনী ব্যাপক আলোচনায় আসে। পরে মেটা প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দেয়।

তবে চীনা সংশ্লিষ্টতা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীন—দুই দেশেই প্রতিষ্ঠানটি নিয়ে প্রশ্ন ওঠে। মেটা ও ম্যানুস এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews