এলএনজি কার্গোর অভাবে বুধবার বেলা তিনটার দিকে এক্সিলারেটের টার্মিনালের মজুত পুরোপুরি শেষ হয়ে যায়। ফলে সেখান থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এখন নতুন কার্গো না আসা পর্যন্ত মূলত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহ করতে হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় দুই এলএনজি টার্মিনাল থেকে জাতীয় সঞ্চালন লাইনে ৬৬ কোটি ১০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। দেশীয় কূপ থেকে পাওয়া ১৬২ কোটি ৮০ লাখ ঘনফুটসহ মোট গ্যাস সরবরাহ ছিল ২২৮ কোটি ৯০ লাখ ঘনফুট। ছয় ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় এলএনজি সরবরাহ কমে দাঁড়ায় ৫৬ কোটি ২০ লাখ ঘনফুটে। দেশীয় গ্যাসও সামান্য কমে ১৬২ কোটি ৭০ লাখ ঘনফুটে নামে। ফলে মোট সরবরাহ দাঁড়ায় ২১৮ কোটি ৯০ লাখ ঘনফুট।