দেশে সাম্প্রতিক সময়ে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস। এর আগে, গত ৩১ মার্চ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সেট নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছিল কোম্পানিটি।
মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের কাছে রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শামস জাহেদী ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন বলে জানিয়েছেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেপুটি ম্যানেজার (করপোরেট অ্যাফেয়ার্স) তানভীর আহমেদ।
রেডিয়েন্ট কর্মকর্তা জানান, অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরো জোরদার হবে।
দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে রেডিয়েন্টের সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে কোম্পানিটির পক্ষ থেকে।