গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরাইল যুদ্ধে প্রাণহানি ও আহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধ শুরু হওয়ার পর এক সপ্তাহের বেশি সময়ে মোট ১ হাজার ৯২৯ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
একইসঙ্গে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন বলেও জানায় তারা। রোববার (৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় নতুন করে আরও ১৫৭ জন আহত হয়েছেন।
আহত ও চিকিৎসাধীনদের অবস্থা
ইসরাইলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং হামলার পরবর্তী পরিস্থিতিতে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ১১২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসাধীনদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন
আরও পড়ুন ইরানের জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে ইসরাইল: যুক্তরাষ্ট্র

মন্ত্রণালয় জানিয়েছে, অনেকে সাইরেন শুনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে বা ধাক্কা লেগে আহত হয়েছেন। নাগরিকদের সতর্কতার সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই আঞ্চলিক উত্তেজনার সূত্রপাত ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। এই হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ অন্তত ১,২০০ নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হন।