ইরাকের সাথে ইরানের শালামচেহ সীমান্ত ক্রসিংয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে মার্কিন হামলায় দু’জন নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। একজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে ইরানের মেহর নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেছেন, সীমান্ত ক্রসিংয়ের প্যাসেঞ্জার টার্মিনালের আশপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

তিনি জানান, খুজেস্তানের আন্দিমেশক শহরের কাছে একটি এলাকায় পৃথক একটি মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ ইরান জুড়ে নতুন করে চালানো মার্কিন হামলার পর এই হামলাগুলো ঘটল।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, আঞ্চলিক পানিসীমায় বেসামরিক নাবিক এবং বাণিজ্যিক জাহাজকে হুমকি দেয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্র গত সপ্তাহ থেকে ইরান জুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে, যার জবাবে তেহরান এই অঞ্চলের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামো চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews