চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের পর ম্যাচ তারা উপহার দিয়েছে আগ্রাসী ও রোমাঞ্চকর ক্রিকেট, যা মনের খোরাক দিয়েছে ক্রিকেটপ্রেমীদের। সেমি-ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে পৌঁছাতে চান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

বুধবার কলকাতায় প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে প্রোটিয়ারা। গত বিশ্বকাপের রানার্স আপ দলটি এখনও পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে পরিপূর্ণ দল হিসেবে দেখা যাচ্ছে। আফগানিস্তানের বিপক্ষে ডাবল সুপার ওভারের ম্যাচ ছাড়া কোনো খেলায় বড় চাপে পড়তে হয়নি তাদের।

তবে ফেভারিট হওয়ার বিষয়টি নিয়ে মার্করাম উৎসাহী নন। তিনি বলেন, 'আমরা ফেভারিট নাকি নই, সেটা দর্শক ও বিশ্লেষকদের ভাবনার বিষয়। আমাদের মনোযোগ শুধু ভালো ক্রিকেট খেলায়। গত ১৮ মাস ধরে আমরা যে রোমাঞ্চকর স্টাইলের ক্রিকেট খেলার চেষ্টা করেছি, সেটিই আবার মেলে ধরতে চাই। যদি আমরা তা করতে পারি, আশা করি দর্শকদের বিনোদন দিতে পারব এবং সেটি আমাদের ভালো অবস্থানে নিয়ে যাবে।'

মার্করাম আরও জানান, 'ভিন্ন কিছু করার চেষ্টা করছি না আমরা। যে জায়গাগুলোয় আমরা ভালো করেছি এবং যেভাবে এখানে পৌঁছেছি, সেগুলোই আবার করতে চাই। ঠিকঠাক করতে পারলে আমাদের জয় সম্ভাবনা থাকবে।'

গ্রুপ পর্বে দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে দক্ষিণ আফ্রিকা সহজ জয় অর্জন করেছিল। কিউইদের দেওয়া ১৭৩ রানের লক্ষ্য ১৭ বল বাকি রেখে ৭ উইকেটে পেরিয়ে যায় প্রোটিয়ারা। সেই ম্যাচে মার্করাম অপরাজিত ছিলেন ৪৪ বলে ৮৬ রানের ইনিংস খেলে।

তবে অধিনায়ক মনে করিয়ে দেন, 'সেমি-ফাইনাল এক নতুন লড়াই। নিউজিল্যান্ড একটি মানসম্পন্ন দল। গ্রুপ পর্বের জয়কে আমরা খুব সহজে পুনরাবৃত্তি করতে পারব না। একে নতুন শুরু হিসেবে দেখতে হবে। ছেলেরা রোমাঞ্চিত এবং আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা আবার মেলে ধরতে।'

বিডি প্রতিদিন/মুসা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews