সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নিভৃত জনপদ ‘শ্রীমুখ’। একটি বাড়ি আর দুটি ঘর নিয়েই যেন একটি সম্পূর্ণ গ্রাম। কাঁচা ও আধা পাকা ঘরে বসবাস পাঁচ সদস্যের এক পরিবারের। ভোটার তালিকায় নাম মাত্র তিনজন। সরকারি গেজেটেও আলাদা গ্রাম হিসেবে অন্তর্ভুক্ত এই জনপদ স্থানীয়দের কাছে পরিচিত ‘এক বাড়ি-এক গ্রাম’ নামে।

উপজেলা সদর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে, ধানি জমি ও বাঁশঝাড়-জঙ্গল ঘেরা এক নিভৃত জনপদ। নেই কোন যোগাযোগ ব্যবস্থা। শুকনো মৌসুমে ধানি জমি ও বর্ষাকালে নৌকা আর জঙ্গল পথে কাদা মাড়িয়ে প্রবেশ করতে হয় গ্রামটিতে। উন্নয়নের ছোঁয়া যেন এখান থেকে বহুদূরে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৬০ শতক জমির ওপর গড়ে ওঠা এই গ্রামে এক সময় একটি সনাতনী পরিবারের বসবাস ছিল। ১৯৬৪ সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় তারা বাড়িটি বিক্রি করে ভারতে চলে যান। পরে স্থানীয় আপ্তাব আলীর পূর্বপুরুষরা এখানে বসবাস শুরু করেন। বর্তমানে তার পরিবারই এই গ্রামের একমাত্র বাসিন্দা এবং তারাই ধরে রেখেছেন গ্রামের অস্তিত্ব।

গ্রামের একমাত্র পুরুষ সৌদি প্রবাসী হওয়ায় সংসারের দায়িত্ব সামলাচ্ছেন তার স্ত্রী রাহিমা বেগম। কথা হলে তিনি জানান, ছোট গ্রাম হওয়ায় আমরা কোনো সুযোগ-সুবিধাই পাই না। আমাদের বলার মতোও কেউ নেই। চলার জন্য রাস্তা নেই, বর্ষায় নৌকাই একমাত্র ভরসা। নেই সুপেয় পানির ব্যবস্থাও।

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব ও বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার এই গ্রামের দুর্দশা তুলে ধরা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে এখন তারা ক্যামেরার সামনে কথা বলতেও অনাগ্রহী।

পার্শ্ববর্তী পশ্চিম নোয়াগাঁও গ্রামের তরুণ আবদুল্লাহ বলেন, আমি ছোটকাল থেকেই দেখছি তাদের যাতায়াতে কষ্ট। তারা সব দিক দিয়েই অবহেলিত।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হবিবুল ইসলাম বলেন, বেশ কিছু দিন পূর্বে তৎকালীন ইউএনও ম্যাডামসহ আমরা গ্রামটি পরিদর্শন করেছি। গ্রামের সার্বিক উন্নয়ন সাধনে ইউনিয়ন পরিষদের তেমন বড় বরাদ্দ নেই।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি বিষয়টা জেনেছি। শীঘ্রই গ্রামটি পরিদর্শন করবো। উনাদের সঙ্গে কথা বলে আপাতত যদি কিছু করা যায়, সেটা আমি দেখবো।

বিডি-প্রতিনিধি/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews