মেধাবীদের বিদেশে চলে যাওয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘শ্রমিক অভিবাসন আর মেধাবীদের দেশত্যাগ এক বিষয় নয়। উচ্চশিক্ষিত মেধাবীরা দেশ ছেড়ে চলে গেলে দেশের ক্ষতি হয়, তাই তাদের জন্য দেশেই কর্মসংস্থান ও সুযোগ তৈরি করতে হবে।’

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে নৃবিজ্ঞান বিভাগের তিন দশকপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। পড়াশোনা শেষ করে মেধাবী ছাত্রছাত্রীরা দেশে না থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে। দেশের মেধা যদি বিদেশেই থেকে যায়, তাহলে জাতীয় উন্নয়নে তার অবদান কীভাবে আসবে? মেধা পাচার রোধে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।’

তরুণ প্রজন্মের অবক্ষয় প্রসঙ্গে তিনি বলেন, ‘তরুণদের একটি বড় অংশ মোবাইল ফোনে অতিরিক্ত সময় নষ্ট করছে। রাত জেগে মোবাইল চালানো আর ক্লাসে অমনোযোগী হওয়ার এই প্রবণতা তাদের মেধা ও ভবিষ্যৎকে ধ্বংস করছে। এ বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি।’

গবেষণার বিষয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরো বাস্তবমুখী হতে হবে। গবেষণার ফলাফল সরকারের কাছে পৌঁছে দিলে তা নীতিনির্ধারণে কাজে লাগবে এবং সমাজে প্রকৃত পরিবর্তন আসবে।’

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নতুন বিষয় ও গবেষণা প্রতিষ্ঠান চালুর প্রস্তাব দিতে আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আউটসোর্সিংসহ বিভিন্ন উপায়ে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা, গবেষণা ও সমাজসেবার মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আসুন, আমরা সবাই মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাই।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews