ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। আর্থিক সঙ্কটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে লক্ষেই সরকার ধারাবাহিকভাবে বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে।’
শনিবার (১১ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাই তাদের মেধা বিকাশে কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকা উচিত নয়। শিক্ষায় বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ। এ কারণেই সরকার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি ও সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘সরকারের লক্ষ্য এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর্থিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী মেধা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হবে না।’
মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোকে শিক্ষার প্রসারে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। তিনি বলেন, ‘রাজশাহী জেলা পরিষদ ভবিষ্যতেও মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পাশে থাকবে এবং শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী মো: আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ কে এম আনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৪৮২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট ২৪ লাখ ১০ হাজার টাকার এককালীন শিক্ষাবৃত্তি দেয়া হয়। প্রধান অতিথিসহ অন্য অতিথিরা নির্বাচিত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।