আগের ম্যাচে জোড়া গোল করে ফেরার বার্তা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আজ আবারো নিষ্প্রভ তিনি। কলম্বিয়ার বিপক্ষে তিনি তেমন কিছুই করতে পারেননি, জয় পায়নি তার দলও।

নকআউট আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় পর্তুগাল ও কলম্বিয়া আজ মাঠে নেমেছিল স্থান নির্ধারণী ম্যাচে। যেখানে গোলশূন্য ড্র করে দ্বিতীয়স্থানে নেমে গেছে পর্তুগিজরা। গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া।

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে আধিপত্য ছিল কলম্বিয়ারই। একের পর এক আক্রমণ করেও কোনো গোল করতে পারেনি দলটা। আক্রমণ করেছে পর্তুগালও। তবে সংখ্যাটা বেশ কম।

ম্যাচে ৫৫ শতাংশ সময় বল দখকে রেখে মোট ২৪টি শট নিয়েছে কলম্বিয়া, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৪৫ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখে পর্তুগাল শট নিয়েছে ১৩টি। যার মাঝে লক্ষ্যে ছিল মাত্র ২টি।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেভিনসন সানচেস হেডে বল জালে পাঠালে অবশ্য উল্লাসে ফেটে পড়ে কলম্বিয়ান গ্যালারি। কিন্তু অফসাইডের বাঁশিতে সেটা আর জয়োল্লাস হয়ে ওঠেনি।

এদিকে আগের ম্যাচে জোড়া গোল করে রোনালদো বলেছিলেন, ‘আই আম ব্যাক’। তবে এই ম্যাচেই তাকে ফের খুঁজে পাওয়া যায়নি। প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

পুরো ম্যাচে গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছেন তিনি। প্রথমার্ধে একটি ফ্রি-কিক থেকে নেয়া দুর্বল শটই ছিল রোনালদোর একমাত্র প্রচেষ্টা। যা সরাসরি গোলকিপারের হাতে যায়। বাকি সময় ছিলেন নিষ্প্রভ।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে পর্তুগাল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। কলম্বিয়ার প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি; তারা খেলবে তৃতীয় হয়ে উঠে আসা কোনো এক দলের বিপক্ষে।

তবে জয় না পেলেও এই ড্রয়ে জয়ের স্বাদ পেয়েছে কলম্বিয়া। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে নকআউটে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট তাদের, ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়ে গেল পর্তুগাল। ৪ পয়েন্ট নিয়ে সেরা তিনে আছে ডিআর কঙ্গো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews