জি বাংলার জনপ্রিয় কুইজ শো ‘দাদাগিরি’র নতুন মৌসুমে সঞ্চালকের ভূমিকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অভিনেতা দেব। এর মধ্যেই অনুষ্ঠানের সেট থেকে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে একটি শিশুকে কোলে নিয়ে আদর করতে দেখা যায় অভিনেতাকে। সেই দৃশ্যই ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
শিশুটিকে কোলে নিয়ে দেবের সেই মুহূর্ত সামনে আসার পর অনুরাগীদের অনেকেই জানতে চেয়েছেন, তিনি কবে বাবা হবেন। দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে দেবের সম্পর্ক নিয়ে দর্শকদের আগ্রহও নতুন নয়। তবে বিয়ে কিংবা সংসার শুরুর বিষয়ে দুজনকেই সাধারণত সরাসরি মন্তব্য করতে দেখা যায় না।
এর আগে ২০২৪ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছিল। সেখানে দাবি করা হয়েছিল, দেব ও রুক্মিণী ২০২১ সালে গোপনে বিয়ে করেছেন এবং তাদের একটি সন্তানও রয়েছে। বিষয়টি নিয়ে মজা করে দেব জানিয়েছিলেন, তিনিও নাকি এমন খবর জানতেন না।
এবার ‘দাদাগিরি’র সেটে দেবের শিশুকে কোলে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই পুরোনো সেই কৌতূহল আবারও সামনে এসেছে। ফলে অভিনেতার ভক্তদের মধ্যে ঘুরছে একই প্রশ্ন, সত্যিই কবে বাবা হওয়ার পরিকল্পনা করছেন দেব?