রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ এসআই রাকিবুল হাসান সরকারকে (৩২) দীর্ঘ ২২ দিন পর জীবিত উদ্ধার করা
হয়েছে। বুধবার দুপুরে তাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিখোঁজ এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে।
তবে এতগুলো দিন তিনি ঠিক কোথায় এবং কী অবস্থায় ছিলেন, সে সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তার সঙ্গে কথা বলার পর এই রহস্যের জট খুলবে বলে আশা করছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উদ্ধারের পর বর্তমানে এসআই রাকিবুল হাসানকে চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে ডিউটি থাকার পরও তিনি কর্মস্থলে যোগ দেননি।
ওইদিন কলাবাগানের কাঁঠালবাগান এলাকার অস্থায়ী পুলিশ ব্যারাক থেকে সাধারণ পোশাকে বের হয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।উল্লেখ্য, উদ্ধার হওয়া পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে।
তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। তিনি নিখোঁজ হওয়ার পর পুলিশ প্রশাসন তাকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে, যার সফল সমাপ্তি ঘটলো।