সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে একটি সর্বব্যাপী অ্যাপ বা এভরিথিং অ্যাপ-এ রূপান্তরের দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্যের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে নতুন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘এক্স মানি’ চালু করেছেন ইলন মাস্ক। এক্স মানি ব্যবহারকারীদের জন্য একটি ডিজিটাল ওয়ালেট এবং অ্যাপল ওয়ালেট সাপোর্টসহ পিয়ার-টু-পিয়ার বা সরাসরি অর্থ লেনদেনের পেমেন্ট সিস্টেম নিয়ে এসেছে।
বেশ কিছুদিন আমন্ত্রণভিত্তিক বেটা পর্যায়ে থাকার পর মঙ্গলবার (২৮ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রের এক্স প্ল্যাটফর্মের প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য এটি ব্যাপকভাবে উন্মুক্ত করা হয়েছে।
এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ডিপোজিট অ্যাকাউন্ট বা আমানত হিসাব পরিচালনা, পিয়ার-টু-পিয়ার পেমেন্ট সিস্টেম ব্যবহার এবং এক্স-এর ভেতরেই তাদের ভিসা ডেবিট কার্ড সংরক্ষণ করার সুবিধা পাবেন।
এক্স জানিয়েছে, এক্স মানি ব্যবহারকারীরা কোনো ধরনের ফি বা সীমা ছাড়াই প্ল্যাটফর্মের অন্যান্য ব্যবহারকারীদের কাছে টাকা পাঠাতে, গ্রহণ করতে বা টাকা পাঠানোর অনুরোধ করতে পারবেন। ব্যবহারকারীদের আমানত হিসাবগুলো ক্রস রিভার ব্যাংকে (মেম্বার এফডিআইসি) সংরক্ষিত থাকবে এবং তা দুই লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত বিমাভুক্ত থাকবে।
আরও পড়ুন
আরও পড়ুন ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন
-6a675713e9a0e.jpg)
সেবাটিতে সাইন আপ করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের জন্য একটি ভার্চুয়াল কার্ড ইস্যু করা হবে, যা অ্যাপল ওয়ালেটের মাধ্যমে অ্যাপল পেতে যুক্ত করা যাবে। এই এক্স কার্ড দিয়ে যোগ্য কেনাকাটায় তিন শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে।
এছাড়া প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবাররা নির্দিষ্ট ডাইরেক্ট ডিপোজিট শর্ত পূরণ সাপেক্ষে বার্ষিক ছয় শতাংশ পর্যন্ত এপিওয়াই বা লভ্যাংশ অর্জন করতে পারবেন। ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো নাম এবং এক্স ইউজারনেম যুক্ত করে একটি ফিজিক্যাল মেটাল কার্ডও সংগ্রহ করতে পারবেন।
নতুন এই সেবাটিতে যুক্ত হওয়ার জন্য ব্যবহারকারীদের ১৫ ডলারের একটি ওয়েলকাম ডিপোজিট দেওয়া হতে পারে এবং প্রয়োজনে দ্রুত ও বিশেষ সহায়তা নিশ্চিত করা হবে। এক্স মানি জানিয়েছে যে ব্যবহারকারীদের মানি অ্যাকাউন্টটি নিরাপদ ও দ্রুত অনুমোদনের জন্য পাসকি দ্বারা সুরক্ষিত এবং প্রতিটি কার্ডের লেনদেন ভিসার উন্নত নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকে। বর্তমানে এই সুবিধাটি কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্ক নাগরিক ও যাচাইকৃত মার্কিন ফোন নম্বরধারী এক্স ব্যবহারকারীদের জন্যই উন্মুক্ত রয়েছে।
আরও পড়ুন
আরও পড়ুন চ্যাটজিপিটিতে ‘হেলথ’ সুবিধা চালু করল ওপেনএআই

চীনের জনপ্রিয় সুপার অ্যাপ উইচ্যাট এবং আলিপে-এর আদলে এক্স-কে ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদী পরিকল্পনারই অংশ হলো এই মানি ফিচার। ২০২৩ সালে একটি স্টাফ মিটিংয়ে ইলন মাস্ক বলেছিলেন যে যখন তিনি পেমেন্টের কথা বলেন, তখন তিনি মূলত একজন মানুষের সম্পূর্ণ আর্থিক জীবনকে বোঝান এবং অর্থের সাথে সম্পর্কিত সবকিছুই তাদের প্ল্যাটফর্মে থাকবে।
তবে এক্স মানি চালুর এই উদ্যোগটি নিয়ে কিছু মহলে উদ্বেগও রয়েছে। মার্কিন সেনেটর এলিজাবেথ ওয়ারেন ইলন মাস্কের কাছে পাঠানো এক চিঠিতে এক্স মানি নিয়ে আশঙ্কা প্রকাশ করে লিখেছিলেন যে এক্স পরিচালনার ক্ষেত্রে মাস্কের অতীত ট্র্যাক রেকর্ড যদি এক্স মানি পরিচালনার ইঙ্গিত দেয়, তবে ভোক্তা, জাতীয় নিরাপত্তা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে।
নিরাপদ ও দায়িত্বশীল উপায়ে এক্স পরিচালনায় ব্যর্থতা ভোক্তা ফাইন্যান্স খাতে সফলভাবে প্রসার ঘটার বিষয়ে আস্থার জন্ম দেয় না বলেও মন্তব্য করেছিলেন তিনি।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।