যশোরের বেনাপোলে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ মফিজুর রহমান (২৯) নামে এক অস্ত্রধারীকে আটক করা হয়েছে।
রবিবার (৯ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল দিঘীরপাড় নামক স্থান থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন।
আটক মফিজুর রহমান বেনাপোল পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাগজপুকুর দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
ওসি বলেন, 'একজন অস্ত্রধারী যশোর- বেনাপোল মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দিঘীরপাড় নামক স্থানে মেসার্স শাহ জালাল ফিলিং স্টেশনের কাছে অবস্থান করছে' গোপন এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সন্দেহভাজন হিসেবে মফিজুর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চৌদ্দ রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধারকৃত পিস্তলটি আমেরিকার তৈরি ৭.৬৫। এসময় একটি ম্যাগজিন পিস্তলে লোড ছিল বলে তিনি জানান।
ওসি জানিয়েছেন, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানিয়েছেন, তার বিরুদ্ধে ইতিপূর্বে তিনটি মাদক ও একটি সিআরসহ চারটি মামলা রয়েছে। #
এনআই