কানাডার টরোন্টোয় একটি জনপ্রিয় সড়ক উৎসবে ভয়াবহ ও নির্বিচারে গুলি বর্ষণের ঘটনায় অন্তত ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আরটি রোববার (১২ জুলাই) জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’ নামের ওই উৎসবে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এটি মূলত টরোন্টোর সেন্ট ক্লেয়ার এভিনিউতে প্রতি বছর আয়োজিত লাতিন সংস্কৃতি, নাচ ও খাবারের একটি বিখ্যাত বার্ষিক সড়ক উৎসব।
রাত ৮টার পরপরই পুলিশ সেখানে নির্বিচারে গুলি চলার খবর পায় এবং দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। তবে হামলাকারীরা এখনো পলাতক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, গুলির শব্দ শুনে মানুষজন প্রাণভয়ে দিশেহারা হয়ে ছুটছেন। অন্য একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসকরা আহতদের জরুরি সেবা দিচ্ছেন ।
টরোন্টোর ডেপুটি পুলিশ প্রধান ফ্রাঙ্ক ব্যারেডো পরে এক সংবাদ সম্মেলনে জানান, এটি মূলত দুই ব্যক্তির মধ্যে একে অপরকে লক্ষ্য করে চালানো গোলাগুলির ঘটনা বলে মনে হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টরোন্টোর মেয়র অলিভিয়া চও। তিনি বলেন, জনাকীর্ণ একটি উৎসবে এমন বেপরোয়া ও জঘন্য সহিংসতার ঘটনা তাকে ক্ষুব্ধ ও বিপর্যস্ত করেছে। এলাকায় এখনো বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন আছে এবং তদন্ত চলছে। জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।