পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরামের হারিয়ে যাওয়া পোষা কুকুর অবশেষে উদ্ধার হয়েছে।
ওয়াসিম আকরামের মুখপাত্রের বরাতে পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, কুকুরটির অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করা দুই ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার পাকিস্তানি রুপি পুরস্কার দেওয়া হয়েছে।
‘ডিউক’ নামের কালো রঙের জার্মান শেফার্ড কুকুরটি করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) ফেজ-৮ এলাকা থেকে নিখোঁজ হয়েছিল। বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন ওয়াসিম আকরাম ও তার স্ত্রী শানিয়েরা আকরাম।
আরও পড়ুন
আরও পড়ুন ফাইনালে আর্জেন্টিনার পক্ষে ১৫ মিলিয়ন বাজি ধরে দেনার সাগরে টিকটকার

কুকুরটিকে খুঁজে পেতে বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান চালানোর পাশাপাশি করাচির সাহিল থানায় একটি আনুষ্ঠানিক সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ‘ডিউক’-কে উদ্ধার করা সম্ভব হয়। তবে কুকুরটি কোথায় এবং কীভাবে পাওয়া গেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পোষা প্রাণীটির নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন ওয়াসিম আকরাম ও তার পরিবার।
সূত্র: সামা টিভি অনলাইন