দেশে ৫ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষের মধ্যে খানা বা পরিবার পর্যায়ে মুঠোফোন ব্যবহারকারীর হার ৯৮.৯ শতাংশে স্থিতিশীল রয়েছে। তবে ব্যক্তি পর্যায়ে মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর হার বেড়ে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) যথাক্রমে ৮৯.৫ শতাংশ ও ৫৮.৬ শতাংশে উন্নীত হয়েছে বলে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপের বলা হয়েছে। আর কমেছে টেলিভিশন দেখা ও রেডিওর অনুষ্ঠান শোনার আগ্রহ।

পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গত বৃহস্পতিবার প্রকাশিত হালনাগাদ প্রথম কোয়ার্টারের তথ্য থেকে জানা গেছে। তথ্যগুলো বিবিএস গত ২০২৪-২৫ অর্থবছরের সময়ের সাথে তুলনা করেছে। জরিপ-এ ৫ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী-পুরুষ এবং শহর-পল্লী অঞ্চল অনুযায়ী জাতীয় পর্যায়ে আইসিটির সূচকগুলো ত্রৈমাসিক ভিত্তিতে প্রাক্কলন করা হয়। সমগ্র দেশে দুই হাজার ৫৬৮টি নির্বাচিত নমুনা এলাকায় দৈবচয়নের ভিত্তিতে ২৪টি করে সর্বমোট ৬১ হাজার ৬৩২টি খানায় (বছরে দুই লাখ ৪৬ হাজার ৫২৮টি খানায়) ত্রৈমাসিক ভিত্তিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় ২১৪ জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হয়। এ জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য হতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকগুলোর অগ্রগতি জানার পাশাপাশি জেলাভিত্তিক ব্যক্তি এবং খানাগুলো দ্বারা আইসিটি ব্যবহার এবং প্রয়োগ সম্পর্কে সর্বশেষ এবং সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে আইসিটি সেক্টরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন সম্ভব হবে।

ব্যুরোর তথ্য বলছে, ৫ বছর ও তার বেশি বয়সীদের মধ্যে খানাপর্যায়ে আইসিটি ব্যবহারকারী বর্তমানে স্মার্ট ফোন ৭৩.৪ শতাংশ, ইন্টারনেট ৫৭.৪ শতাংশ, কম্পিউটার ৯ শতাংশ, ল্যান্ডফোন মাত্র ০.৭ শতাংশ, রেডিও ১৫.১ শতাংশ, টেলিভিশন ৫৮.৮ শতাংশ এবং বিদ্যুৎ ব্যবহারকারী ৯৮.৫ শতাংশ। গ্রাম ও শহরের তথ্য থেকে দেখা যায়, গ্রামের তুলনায় শহরে রেডিও, টেলিভিশন, ল্যান্ডফোন, মোবাইল ফোন, স্মার্ট ফোন, বিদ্যুৎ ব্যবহারকারী বেশি। তবে শুধু মোবাইল ব্যবহারকারী গ্রামে বেশি।

আর ব্যক্তিপর্যায়ে আইসিটি ব্যবহার ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে তুলনায় চলতি সময়ে বেড়েছে। বর্তমানে নিজস্ব মোবাইল ফোন ব্যবহারকারী ৬৫.৪ শতাংশ, মোবাইল ব্যবহারকারী ৮৯.৫ শতাংশ, ইন্টারনেট ব্যবহার করছে ৫৮.৬ শতাংশ এবং কম্পিউটার ১১.৭ শতাংশ। যা গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে মোবাইল ফোন ব্যবহার করত ৮৮.৪ শতাংশ, নিজের মুঠোফোন ৬৪.৪ শতাংশ, ইন্টারনেট ব্যবহারকরী ৫৩.৪ শতাংশ এবং কম্পিউটার ব্যবহারকারী ছিল ৫৩.৪ শতাংশ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews