ইরানের সাথে চলমান যুদ্ধে এই প্রথমবারের মতো মার্কিন প্রাণহানির খবর পাওয়া গেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সংঘাতের সময় তিন আমেরিকান সেনা নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
যদিও এই হতাহতের ঘটনা ঠিক কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি সেন্টকম।
তবে গত ২৪ ঘণ্টায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, গুরুতর আহতদের পাশাপাশি আরও বেশ কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টার এবং কনকাশনের কারণে সামান্য আঘাত পেয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আবারও দায়িত্বে ফিরিয়ে আনা হচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান এবং পাল্টা আক্রমণ অব্যাহত রয়েছে বলে মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
বিডি প্রতিদিন/নাজমুল