নয়াদিল্লিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে চীনে তৈরি একটি রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন দাবি করে ব্যাপক বিতর্কের মুখে পড়েছে ভারতীয় এক বিশ্ববিদ্যালয়। বার্তাসংস্থা এপি দুই সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে সম্মেলন থেকে বহিষ্কার করা হয়েছে গ্যালগোটিয়াস নামের ওই বিশ্ববিদ্যালয়কে।

এপি জানায়, এক দিন আগে বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম ডিডি নিউজকে বলেছিলেন—‘ওরিয়ন’ নামের রোবটটি বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্সে তৈরি। তবে সামাজিকমাধ্যমের ব্যবহারকারীরা দ্রুতই রোবটটি শনাক্ত করেন এবং পোস্ট দিয়ে জানায়, এটি চীনের ইউনিট্রি রোবটিক্স কোম্পানির তৈরি। এর নাম ইউনিট্রি গো ২। 

এপি জানায়, অনলাইনে এই রোবটের দাম প্রায় ১ হাজার ৬০০ ডলার। গবেষণা ও শিক্ষা ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি।

নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা এপিকে বলেন, ‘ঘটনাটি আয়োজক দেশ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।’

যদিও বিশ্ববিদ্যালয়টির যোগাযোগ বিভাগের অধ্যাপক নেহা সিং দাবি করেন, তিনি কখনোই স্পষ্টভাবে রোবটটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন—এমনটা বলেননি।

অন্যদিকে গ্যালগোটিয়াস বিশ্ববিদ্যালয় প্রথমে এ ঘটনাকে ‘অপপ্রচার’ দাবি করে বিবৃতি দেয়। পরে বুধবার নতুন এক বিবৃতিতে বিভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়, পণ্যের প্রযুক্তিগত উৎস সম্পর্কে অবগত ছিলেন না নেহা সিং এবং ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার উচ্ছ্বাসে তথ্যগতভাবে তিনি ভুল বক্তব্য দিয়েছেন।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews