সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি পাঠকের আস্থা। আর সেই আস্থারই একটি স্পষ্ট প্রতিফলন দেখা গেল ‘দেশে বিদেশে’র সাম্প্রতিক ফেসবুক পরিসংখ্যানে। ২০২৬ সালের ৪ থেকে ৩১ জুলাই পর্যন্ত ‘দেশে বিদেশে’র অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্ট দেখা হয়েছে ৬০ লাখ ৫৯ হাজার ৩৮৩ বার। আগের সমপরিমাণ সময়ের তুলনায় ভিউ বেড়েছে ৩৫ দশমিক ৩ শতাংশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিপুল ভিউয়ের পুরোটাই এসেছে অর্গানিকভাবে। অর্থাৎ কোনো বিজ্ঞাপন বা অর্থের বিনিময়ে কনটেন্ট বুস্ট না করেই পাঠক ও দর্শকের কাছে পৌঁছেছে ‘দেশে বিদেশে’র সংবাদ, বিশ্লেষণ ও প্রতিবেদন।
উল্লেখ্য, এটি শুধু ‘দেশে বিদেশে’র অফিসিয়াল ফেসবুক পেজের পরিসংখ্যান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, গুগল নিউজ, টেলিগ্রাম, এক্স ও লিঙ্কডইনসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে যুক্ত পাঠক ও দর্শকের হিসাব এতে অন্তর্ভুক্ত নয়।
হিসাবটি আরেকটু ভেঙে দেখলে বোঝা যায়, আলোচ্য সময়ে প্রতিদিন গড়ে দুই লাখের বেশি ভিউ পেয়েছে আমাদের প্রকাশিত কনটেন্ট। মোট ৪ লাখ ৫৩ হাজার ৩৪০ জন পাঠক ও দর্শক ‘দেশে বিদেশে’র বিভিন্ন লেখা, ছবি ও ভিডিও দেখেছেন। এই সংখ্যাও আগের সময়ের তুলনায় ২৩ দশমিক ১ শতাংশ বেশি।
তবে শুধু কতজন দেখেছেন, সেটিই আমাদের কাছে একমাত্র বিবেচনা নয়। পাঠক কনটেন্ট দেখে কী প্রতিক্রিয়া জানিয়েছেন, সেটিও গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ২৮ দিনে ‘দেশে বিদেশে’র কনটেন্টে মোট ২৭ হাজার ২০০টি ইন্টারঅ্যাকশন হয়েছে। আগের সময়ের তুলনায় এই অংশগ্রহণ বেড়েছে ৫০ দশমিক ১ শতাংশ। অর্থাৎ পাঠকেরা শুধু স্ক্রল করে চলে যাননি। তাঁরা প্রতিক্রিয়া জানিয়েছেন, মন্তব্য করেছেন, অন্যদের সঙ্গে শেয়ার করেছেন এবং আলোচনায় অংশ নিয়েছেন।
এই ৬০ লাখের বেশি ভিউ শুধু একটি সংখ্যা নয়। এর মধ্যে রয়েছে পাঠকের পছন্দ ও আগ্রহের গুরুত্বপূর্ণ বার্তা। ভালো কনটেন্টের জন্য এখনও পাঠক অপেক্ষা করেন এবং দায়িত্বশীল সাংবাদিকতার প্রতিও মানুষের আগ্রহ অটুট। পাঠকেরা এখন শুধু তাৎক্ষণিক সংবাদ চান না। তাঁরা ঘটনার পেছনের কারণ, মানুষের গল্প, আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং সহজ ভাষায় বিশ্লেষণও জানতে চান। আলোচ্য সময়ের সর্বাধিক দেখা কনটেন্টগুলোর দিকে তাকালে দেখা যায়, খেলাধুলা, আন্তর্জাতিক রাজনীতি, অপরাধ, শিক্ষা, মানবিক ঘটনা ও প্রবাসজীবনের নানা বিষয় পাঠকের আগ্রহ তৈরি করেছে। বিষয়বৈচিত্র্যই ‘দেশে বিদেশে’র অন্যতম শক্তি।
৩৫ বছরের পথচলায় ‘দেশে বিদেশে’ প্রযুক্তির বহু পরিবর্তন দেখেছে। ছাপা সংবাদপত্র থেকে ওয়েবসাইট, এরপর সামাজিক যোগাযোগমাধ্যম, প্রতিটি নতুন মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নতুন প্রজন্মের পাঠক। মাধ্যম বদলেছে, কিন্তু আমাদের অঙ্গীকার বদলায়নি। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালির খবর, অর্জন, সংগ্রাম, সংস্কৃতি ও জীবনের গল্প বিশ্ববাঙালির কাছে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।
এই ৬০ লাখ ভিউ কোনো ব্যক্তি বা সম্পাদনা বিভাগের একক অর্জন নয়। এটি আমাদের পাঠক, দর্শক, লেখক, সংবাদদাতা, শুভানুধ্যায়ী এবং প্রতিদিন কনটেন্ট শেয়ার করা অসংখ্য মানুষের সম্মিলিত সাফল্য।
আমরা এই সাফল্যে আনন্দিত, কিন্তু আত্মতুষ্ট নই। বরং পাঠকের ভালোবাসা ও আস্থাকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও বিশ্বাসযোগ্য সংবাদ, গভীর বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং মানুষের জীবনের না-বলা গল্প তুলে ধরতে চাই।
আপনি ‘দেশে বিদেশে’তে কোন ধরনের সংবাদ ও প্রতিবেদন আরও বেশি দেখতে চান? রাজনীতি, প্রবাসের গল্প, সাফল্যের গল্প, অনুসন্ধান, ভ্রমণ, খেলাধুলা, নাকি আন্তর্জাতিক বিশ্লেষণ? মন্তব্যে আপনার মতামত জানান।
এনএন/ ০২ আগস্ট ২০২৬